‘রেডিও তেহরান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে উড়ে যাই সুদূর ইরানে’
https://parstoday.ir/bn/news/letter-i113782-রেডিও_তেহরান_শুনতে_শুনতে_কল্পনার_ডানায়_ভর_করে_উড়ে_যাই_সুদূর_ইরানে’
জনাব, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। সিঁদুরের সাজে সন্ধ্যার আকাশ। সূর্য জানায় পৃথিবীকে বিদায় সম্ভাষণ। আর তার পরেই নেমে আসে রাত্রির ঘোর কালো অন্ধকার। রাতের এই অন্ধকারে যখন গোটা নওপাড়া ঘুমের কোলে ঢলে পড়ে, আমি তখন শারীরিক অসুস্থতা নিয়েই রেডিও কিংবা মোবাইল ফোনটি হাতে নিয়ে শুনতে থাকি আমার সেই চার দশকের প্রিয় সাথী রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২২ ০৮:৫৪ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে উড়ে যাই সুদূর ইরানে’

জনাব, আসসালামু আলাইকুম। ভালো আছেন আশা করি। সিঁদুরের সাজে সন্ধ্যার আকাশ। সূর্য জানায় পৃথিবীকে বিদায় সম্ভাষণ। আর তার পরেই নেমে আসে রাত্রির ঘোর কালো অন্ধকার। রাতের এই অন্ধকারে যখন গোটা নওপাড়া ঘুমের কোলে ঢলে পড়ে, আমি তখন শারীরিক অসুস্থতা নিয়েই রেডিও কিংবা মোবাইল ফোনটি হাতে নিয়ে শুনতে থাকি আমার সেই চার দশকের প্রিয় সাথী রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে আমি উড়ে যাই সুদূর ইরানে। সেখানে আমি আপনাদেরকে দেখি, কথা বলি। ইরানের বিখ্যাত ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখি, আনন্দ উপভোগ করি। কিন্তু আপনারা তা জানতে পারেন না। তার পর হঠাৎ তন্দ্রাভাব কেটে গেলে দেখি বেশ রাত হয়ে গেছে। নিস্তব্ধ  পরিবেশ। চারিদিকে শুধু ঝিঁ ঝিঁ পোকার ডাক শোনা যায়। বিছানায় শরীরটা এলিয়ে দেওয়ার আগেই নিঝুম নিস্তব্ধ এই পরিবেশে আপনাদের কয়েক দিনের অনুষ্ঠান সম্বন্ধে মতামতটা জানাতে বসলাম।

গত ১৬/৯/২০২২ তারিখের অনুষ্ঠান শুরু হয়েছিল সুরা আল ইমরানের ১ থেকে  ৪ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা দিয়ে। বিশ্ব সংবাদ ও সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের পরে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাতের চেহলাম বার্ষিকী নিয়ে  আক্তার জাহান ও নাসির মাহমুদের পরিবেশনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জ্ঞানবর্ধক। হজরত জয়নাব ও ইমাম সাজ্জাদ (আ.) কিভাবে কারবালার প্রকৃত ঘটনা কুফা ও সিরিয়ায় তুলে ধরেছিলেন এবং কারবালার প্রকৃত তাৎপর্য বর্ণনা করেছিলেন তা জানতে পারলাম এই অনুষ্ঠান থেকে।

১৭/৯/২২ তারিখের অনুষ্ঠান শুরু হয়েছিল সুরা মায়েদার ৩ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা দিয়ে। বিশ্ব সংবাদ ও সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার খবর জানলাম।

‘জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান’ অনুষ্ঠানে ইরানের আবুল হাসান, আবুল আল বুজানি, ইবনে সিনা, আবুল হাসান নাসাভি প্রভৃতি বিখ্যাত গণিতবিদদের সম্বন্ধে বিস্তারিত জানতে পারলাম।

১৯/৯/২০২২ তারিখের অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, বিশ্ব সংবাদ ও সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের পরে প্রিয়জন অনুষ্ঠান শুরু হয়েছিল ইমাম বাকের (আ.) এর পবিত্র বাণী দিয়ে।

বাংলাদেশের শ্রোতা বিধান চন্দ্র টিকেদার, ফয়সাল আহমেদ শিপন, মাহফুজুর রহমান, শাহাদত হোসেন এবং ভারতের তরুণ মৈত্রের সাথে আমার চিঠিও পড়া হয়েছিল, খুশি হয়েছি খুব। সেই সাথে মিতু ফারিয়ার সাক্ষাৎকার এবং ইকবাল হোসেন জীবনের কণ্ঠে ‘প্রভু’ শিরোনামের গানটি খুব ভালো লেগেছে।

২০/৯/২২ তারিখের দর্পন অনুষ্ঠানে সালমান রুশদীর উপর হামলা নিয়ে ব্রিটিশ লেখিকা কার্ন আর্মস্ট্রং মূল্যবান মন্তব্য শুনলাম। সঠিক ও নিরপেক্ষ মতামত দেওয়ার জন্য লেখিকাকে ধন্যবাদ জানাই। গল্প ও প্রবাদের গল্প’ অনুষ্ঠানে সাপুড়ের গল্প ভালো লেগেছে।

২১/৯/২০২২ তারিখের অনুষ্ঠান শুরু হয়েছিল সুরা আল বাকারার ২০৪ থেকে ২০৬ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা দিয়ে।

এদিনের স্বাস্থ্যকথা অনুষ্ঠানে মনোরোগ ‘সন্দেহ’ নিয়ে ডা. তাজুল ইসলামের সঙ্গে  গাজী আব্দুর রশীদের সাক্ষাৎকারের শেষ পর্ব ভালো লাগলো। ভালো লাগলো কুরআনের আলো অনুষ্ঠানে সুরা রহমান-এর ১৯ থেকে ৩০ আয়াতের তেলাওয়াত ও তর্জমা।

এক কথায় এই কয় দিনের প্রতিটি অনুষ্ঠান ছিল মূল্যবান, চিত্তাকর্ষক ও জ্ঞানবর্ধক।

আজ তাহলে এখানেই ইতি টানি। কথা হবে আগামী চিঠিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিলাম।

 

শুভেচ্ছান্তে,

নিজামুদ্দিন সেখ

সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: নওপাড়া, পোস্ট: শিমুলিয়া

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।