শ্রোতাদের মতামত
‘পাশ্চাত্যের শত বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে ইরান স্বমহিমায় এগিয়ে যাবে’
সালামুন আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। সম্প্রতি ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া তরুণী মাহসা আমিনিকে উপলক্ষ্য করে প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন। তারা হিজাব পরিধানের বাধ্যতামূলক বিধান তুলে দেয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছেন।
ইরানের বাইরে, বিশেষ করে ইউরোপের দেশগুলোতেও ওই একই ইস্যুতে আন্দোলন করতে দেখা যাচ্ছে। আমরা ইরানের বাইরে থেকে সোশ্যাল মিডিয়া র দৌলতে যা দেখছি, তাতে মনে হচ্ছে যেন গোটা ইরানজুড়ে আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছে। রেডিও তেহরানের সংবাদ ও ওয়েব সাইট পার্সটুডে থেকে জানতে পারছি যে, দেশের প্রধান প্রধান শহরে হিজাববিরোধী বিক্ষিপ্ত আন্দোলন ও নাশকতার পাশাপাশি হিজাবের পক্ষে লক্ষ লক্ষ ইরানি জনগণ মিছিলে শামিল হয়েছেন। কিন্তু পাশ্চাত্যের মিডিয়াতে এসব খবরের কোনো গুরুত্ব নেই। ইরানের ইসলামী বিপ্লবকে টার্গেট করে তার নেতিবাচক প্রভাব হিসেবে গোটা সোশ্যাল মিডিয়াজুড়ে প্রতিদিন লাখ লাখ কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসকল প্রোপাগান্ডায় সামিল হয়েছে বিপ্লববিরোধী গোষ্ঠী, পাশ্চাত্যের মিডিয়া আর ইরানের শত্রুরা।

তারা চায়, ভেতর থেকে একটা আওয়াজ উঠুক আর ইসলামি বিপ্লবের বিরুদ্ধে গণঅসন্তোষ ছড়িয়ে পড়ুক। ইতিপূর্বেও এমন গণঅসন্তোষের বাতাবরণে আমেরিকা ইজরায়েল ও পাশ্চাত্যের দেশগুলো মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু পরবর্তীতে এসব আন্দোলন বিফলে পর্যবসিত হয়েছে।
দীর্ঘ ৪৩ বছর ধরে পাশ্চাত্যের অর্থনৈতিক অবরোধ, মিডিয়া প্রপাগান্ডা, অভ্যন্তরীণ শত্রুদের পৃষ্ঠপোষকতা, গুপ্ত হত্যা ও চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো নানা প্রতিকূলতা সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লব টিকে আছে। এই সময়ের মধ্যে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান।
অতীতের মতো পাশ্চাত্যের শত বাঁধা, ষড়যন্ত্রকে উপেক্ষা করে ইরান তার স্বমহিমায় এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। সবাই ভাল ও সুস্থ থাকুন এই কামনায়!
শুভেচ্ছান্তে,
এস এম নাজিম উদ্দিন
পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।