শ্রোতাদের মতামত
'নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনে রেডিও তেহরান অনন্য'
মহোদয়, পত্রের প্রথমে আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। গত ৫ জুলাই বুধবার 'কুরআনের আলো' অনুষ্ঠানে সূরা মুলক-এর তেলাওয়াত ও বাংলা অনুবাদ শুনে এত বেশি মুগ্ধ হয়েছি যে, তা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না।
আসলে রেডিও তেহরান নৈতিক মূল্যবোধ ও চরিত্র গঠনে একটি অনন্য আন্তর্জাতিক গণমাধ্যম। যতশুনি ততই মুগ্ধ হই। কুরআনের আলো, মহান আল্লাহর বিভিন্ন নাম নিয়ে অনুষ্ঠান আসমাউল হুসনা, আদর্শ মানুষ গড়ার কারিগর, শিশুদের জন্য রংধনু আসর, সোনালী সময়, নারী: মানবফুল, সুখের নীড়, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, আদর্শ জীবনযাপন ইত্যাদি প্রত্যেক অনুষ্ঠান অত্যন্ত জীবনঘনিষ্ঠ, মানবিক, বাস্তবভিত্তিক, নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ এবং বাস্তব জীবনে অনুকরণীয় ও অনুসরণীয়। অনুষ্ঠানের পরতে পরতে কুরআন ও হাদিসের রেফারেন্স থাকে, যা সত্যিই অনন্য ও মনোমুগ্ধকর।আমি মনে করি রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে যতগুলো ধারাবাহিক প্রচার করা হয়েছে, তার মধ্যে 'কুরআনের আলো' সেরা। কারণ এটি মানুষের জীবনকে আলোকিত করছে। বাংলাদেশে অনেকের মধ্যেই একটি ভ্রান্ত প্রচারণা আছে যে, আমরা যে কুরআন শরিফ তেলাওয়াত করি তা শিয়াদের কুরআন থেকে আলাদা। আসলে এ কথাটি চরম ভুল ধারনা।
এক্ষেত্রে কুরআনের শিক্ষক ও মুফাসসির জনাব মোহসেন কারাআতি তার কোরআনের অনুষ্ঠানের মাধ্যমে যে মূল্যবান কাজটি করেছেন তা হলো- তিনি একথা প্রমাণ করেছেন সুন্নি মুসলমানদের কুরআনের সঙ্গে শিয়া মুসলমানদের কুরআনের কোনো পার্থক্য নেই। বরং কুরআন হচ্ছে আল্লাহ তায়ালার ওহি, সমগ্র মানবজাতির জীবনবিধান যা সকল মুসলমানের কাছে সমানভাবে বিদ্যমান রয়েছে। অতীত যুগের সকল আসমানী গ্রন্থই ছিল নির্দিষ্ট কোন জাতি বা ভৌগোলিক সীমারেখাবেষ্টিত জনগোষ্ঠীর জন্য এবং নির্দিষ্ট সময়ের হেদায়াতের উৎস। কিন্তু কুরআন মাজীদ কোন নির্দিষ্ট জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, দেশ বা কালকে কেন্দ্র করে নাযিল হয়নি। বরং এটা সর্বকালের সমগ্র বিশ্বমানবতার জন্য হেদায়াতের বাণী নিয়ে অবতীর্ণ হয়েছে। এটা চিরন্তন ও বিশ্বজনীন গ্রন্থ।আজকের চিঠি শেষ করার আগে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
সকল শ্রোতা বন্ধুদের বেশি বেশি করে রেডিও তেহরান শোনার আহ্বান করছি।
ধন্যবাদান্তে,
মিয়া মোহাম্মদ ছিদ্দিক
সভাপতি, কটিয়াদী বেতার বন্ধু পরিষদ
ও ক্রীড়া সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ।
গ্রামঃ চরঝাকালিয়া, পোঃ জালালপুর,থানাঃ কটিয়াদী, জেলাঃ কিশোরগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন