প্রবন্ধ প্রতিযোগিতা
'রেডিও তেহরান আমার প্রাণ, আমার জীবন-মরণের সাথী'
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন ৯ জন। বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ লেখাগুলো পার্সটুডেতে ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ প্রকাশিত হলো ঝিনাইদহ জেলার কালীগঞ্জের সিনিয়র শ্রোতা এস এম ছবেদ আলীর লেখা।
একদিন শ্রাবণ রাতে আমার থ্রি ব্যান্ড ফিলিপ্স রেডিও থেকে শর্টওয়েবের মাধ্যমে রেডিও তেহরানকে খুঁজে পাই। তারপর 'প্রিয়জন' অনুষ্ঠানে চিঠি লেখা এবং নিয়মিত চিঠির উত্তর পাওয়ায় রেডিও তেহরানের প্রতি আরও সখ্যতা গড়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন পাঠ আমার খুব ভালো লাগে। তাইতো রেডিও তেহরানকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি।
রেডিও তেহরানের বাংলা বিভাগের সুন্দর সুন্দর বর্ণনাতীত অনুষ্ঠান, অনুভূতির ছোয়ায় গাঁথা অনুষ্ঠানমালা ভালোবাসার ভেলায় চড়িয়ে নিয়ে এসেছে এতোদূর- এতোটা বছর।
সেদিনের যৌবন ছুঁই ছুঁই তারুণ্যের ঢেউ, যে ছেলেটির সারা অঙ্গে শোভা পেতো, সেই আমি ৭২ বছর পেরিয়ে ৭৩ বছর বয়সী এক নিভু নিভু প্রদীপ।
এখনও আমি রেডিও তেহরানের সাথেই আছি, থাকবো আজীবন। রেডিও তেহরান আমার প্রাণ, আমার জীবন-মরণের সাথী।
রেডিও তেহরানের মতো বিশ্লেষণধর্মী সত্য খবর পৃথিবীর অন্য কোন বেতার থেকে পাওয়া যাবে কিনা সন্দেহ। খবরের পর দৃষ্টিপাত, সংবাদ পর্যালোচনাসহ তেহরানের বাংলাদেশ প্রতিনিধির প্রতিবেদন চিরদিন মনে রাখার মতো ।
ভালো লাগে রংধনু আসরে প্রচারিত ইসলামি আদর্শের গল্পগুলো। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, রংধনু, প্রিয়জন, হাদিসে রাসুল ভালো লাগলেও স্মৃতি-বিস্মৃতির কুয়াশার জাল ছিড়ে রেডিও তেহরানের অতীত জলছবি বর্তমান সময়ে আগের চেয়ে আরও উজ্জ্বল আরও হৃদয়গ্রাহী।
এক কথায়, পুরনো অনুষ্ঠানের সাথে সুন্দর সুন্দর নতুন অনুষ্ঠান সংযোজন নতুনত্বের স্বাদে খুবই প্রশংসনীয়। রেডিও তেহরান থেকে কী পেয়েছি, কী পাইনি তার হিসাব করিনি কোনদিন।
একবার মাসিক কুইজের বিজয়ী হয়ে ছিলাম। পুরস্কারটি ঢাকায় আশরাফুর রহমান ভাইয়ার কাছ থেকে না নিতে পারায়, কিশোরগঞ্জের প্রফেসর শাহাদত ভাইয়ার মাধ্যমে কুরিয়ার সার্ভিস থেকে পেয়েছিলাম। এছাড়া, রেডিও তেহরানের উপস্থাপক রেজোয়ান হোসেন ভাইয়ার মাধ্যমে একটা ব্যাগ পেয়েছিলাম, যা আজও সংরক্ষণে আছে। এগুলো আমার জীবনে পরম পাওয়া।
রেডিও তেহরানের নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যমে আরও শ্রোতা সংখ্যা বাড়ুক- সবাই রেডিও তেহরানকে ভালোবাসুক- এ প্রত্যাশায় ইতি টানছি।
এস, এম, ছবেদ আলী
সভাপতি, প্রত্যাশা বেতার শ্রোতা সংঘ
চাপরাইল বাজার, উপজেলা- কালীগঞ্জ
জেলা- ঝিনাইদহ-৭৩৫০
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন