'তেহরান বেতারের অনুষ্ঠান কেন শুনি?'
https://parstoday.ir/bn/news/letter-i126324-'তেহরান_বেতারের_অনুষ্ঠান_কেন_শুনি_'
সম্মানীয় জনাব, সকলের শুভ কামনা করে শুরু করছি আজকের পত্রালাপ। আমি দীর্ঘদিন ধরে রেডিও শ্রোতা। রেডিও শোনা শুরু করি ১৯৬৫ সাল নাগাদ। প্রথম হাতে খড়ি কলকাতা,  দিল্লী এবং তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা বেতারের অনুষ্ঠান শুনে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০২, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • 'তেহরান বেতারের অনুষ্ঠান কেন শুনি?'

সম্মানীয় জনাব, সকলের শুভ কামনা করে শুরু করছি আজকের পত্রালাপ। আমি দীর্ঘদিন ধরে রেডিও শ্রোতা। রেডিও শোনা শুরু করি ১৯৬৫ সাল নাগাদ। প্রথম হাতে খড়ি কলকাতা,  দিল্লী এবং তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা বেতারের অনুষ্ঠান শুনে। 

পরবর্তী বছরগুলোতে রেডিও মস্কো, রেডিও পিকিং, বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ডয়েচে ভেলে, রেডিও ভেরিতাস এশিয়া, রেডিও জাপান, রেডিও কায়রো ও রেডিও তেহরান, সৌদিআরব বেতার শুনে এসেছি। আজ অনেক বেতারের অস্তিত্ব আর নেই। কিন্তু আজ‌ও রেডিও তেহরান বাংলা বিভাগকে নিয়মিত পাই। তাই নিয়ম করে তেহরান বেতারের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনে আসছি। 

আশি'র দশকে নিয়মিত চিঠি লিখতাম। বিশেষ ইরান-ইরাক যুদ্ধের সময় মতামত পাঠিয়ে অনুষ্ঠান সূচি, নিউজ লেটার পত্রিকা, ভেরিফিকেশন কার্ড পেয়েছি। তারপর মাঝে বেশ কয়েক বছর নানা কাজের ঝামেলায় বেশ কয়েকটি বেতার শোনা বন্ধ করে দিতে হয়েছিল। তেহরান বেতার তার মধ্যে অন্যতম। এখন পুনরায় তেহরান বেতারের অনুষ্ঠান শোনা শুরু করেছি প্রায় বছরখানেক। এখন নিয়মিত শুনছি। 

কেন শুনি তেহরান বেতার? 

কারণ, জানতে পারি বিশ্বের নানা ঘটনাবলী। জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সহায়ক তেহরান বেতার, এই বেতার শুনে ধর্মীয় রীতিনীতি ও ধর্মীয় ভাবাবেগ, ধর্মের মর্মকথা থেকে শ্রদ্ধায় মাথা নত হয়। এছাড়া ইরানের বিজ্ঞান যে বিশ্বকে পথ দেখাচ্ছে তার প্রত্যক্ষ তথ্য জানতে পারি। এছাড়াও ইরানি সাহিত্য সম্পর্কে কিছু নমুনা নিয়মিত পেয়ে থাকি। রেডিও তেহরান যেন আত্মার আত্মীয়।

অনুষ্ঠান শুনে মতামত

৩১/০৭/২০২৩- পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা তর্জমা দিয়ে তেহরান বেতারের অনুষ্ঠান শুরু হয়। বিশ্বসংবাদের আগে আজকের সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচি পরিবেশন করা হয়। তারপর শুরু হয় গুরুত্বপূর্ণ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ। ঢাকা থেকে সংবাদদাতা বাদশাহ রহমান আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের মন্তব্য তুলে ধরেন আর কলকাতার প্রতিনিধি আবদুল হাকিম যোগীরাজ্যে জ্ঞানব্যাপী মসজিদের ঘটনাকে কেন্দ্র করে যে মন্তব্য করা হয় তা তুলে ধরেন।

দৃষ্টিপাত অনুষ্ঠানে আফগানিস্তানে মহররমকে কেন্দ্র করে তালিবানদের গুলি বর্ষণ এবং বাংলাদেশের আওয়ামী লীগ সদস্য-এর বিএনপি কর্মীদের রাজপথে সাপের মত পিটিয়ে মারার হুমকি প্রসঙ্গে সংবাদভাষ্য পরিবেশিত হয়।

পনের দিন পর আজ আবার এই জনপ্রিয় অনুষ্ঠান প্রিয়জন শুনতে বসেছি। হাদিস থেকে উপমা দিয়ে অনুষ্ঠান শুরু হল, পরে কয়েকজন শ্রোতার চিঠি নিয়ে আলোচনা, প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাবিবা ইয়াসমিন ও হাফিজুর রহমানের রচনার কিছু অংশ পাঠ, নাজিম উদ্দিন ভাইয়ের অডিও ক্লিপিং পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিঘ্ন ঘটায় নাজিমুদ্দিন ভায়ের অডিও ক্লিপটির অনেকাংশ শোনা যায়নি।

কথাবার্তা অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, মানব জমিন ও কালের কণ্ঠ, পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন ও গণশক্তি পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ পরিবেশিত হয়।

সবশেষে প্রচারিত হয় অনুষ্ঠান শেষের সংক্ষিপ্ত সংবাদ। প্রসঙ্গত উল্লেখ্য করি যে, জুলাই মাসের অনুষ্ঠান শুনে এ পর্যন্ত দশটি পত্র পাঠিয়েছি। তন্মধ্যে একটি রিশেপশন রিপোর্ট। আশাকরি আপনাদের হস্তগত হয়েছে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। খোদাহাফেজ।

 

অজয় কুমার সরকার
'স্বপ্ননীড়', হটুদেওয়ান নাগেরপাড়া, 
ডাক: বর্ধমান, জেলা-পূর্ব বর্ধমান-৭১৩১০১  
পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।