'মহানবী (সা.)'র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমার হৃদয়ে গভীর রেখাপাত করেছে'
https://parstoday.ir/bn/news/letter-i128674-'মহানবী_(সা.)'র_জন্মবার্ষিকী_উপলক্ষে_বিশেষ_অনুষ্ঠান_আমার_হৃদয়ে_গভীর_রেখাপাত_করেছে'
জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও ভক্ত শ্রোতা। ২৭ সেপ্টেম্বর তারিখে মহানবী (স:) 'র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ আলোচনা খুব ভালো লেগেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:৫১ Asia/Dhaka
  • 'মহানবী (সা.)'র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আমার হৃদয়ে গভীর রেখাপাত করেছে'

জনাব, আসসালামু আলাইকুম। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও ভক্ত শ্রোতা। ২৭ সেপ্টেম্বর তারিখে মহানবী (স:) 'র জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ আলোচনা খুব ভালো লেগেছে।

শুক্লা দ্বাদশীর অপূর্ণ চাঁদ অস্তমিত হওয়ার পর ঘুমন্ত প্রকৃতি যখন আলো-আধারে দোল খাইয়া পূব-আসমান রাঙা করিয়া আঁখি মেলিতেছে ঠিক তখনই মরু-দিগন্তে মক্কা  নগরীর এক নিভৃত  কুটিরে মা আমিনার কোল আলোকিত করিয়া জন্ম নিলেন পূর্নিমার চাঁদের ন্যায় এক নব জাতক। সঙ্গে সঙ্গে সারা সৃষ্টির অন্তর ভেদিয়া ঝংকৃত হইল মহা আনন্দধ্বনি 'খোশ আমদিদ ইয়া রাসুলুল্লাহ',  'মারহাবা  ইয়া ইয়া রাসূলুল্লাহ'- ছন্দ দোলায় সারা সৃষ্টি যেন দোল খাইতে লাগিল। জড়-চেতন সকলের মধ্যেই যেন আজ অভূতপুর্ব এক শান্তির হিল্লোল বহিয়া গেল।  সব রিক্ততার অবসান ঘটাইয়া আজ যেন বিশ্ব ভুবনে আল্লাহর অনন্ত আশীর্বাদ ও অফুরন্ত কল্যাণ নামিয়া  আসিয়াছে। আকাশে- বাতাসে,  জলে-স্থলে, লতায়-পাতায়, জড়-চেতনে আজ যেন  সার্থকতা ও পরিপূর্ণতার এক মহা তৃপ্তি ভাসিয়া বেড়াইতেছে।

কে এই নব অতিথি! কে এই বেহেশতী নূর! যার আবির্ভাবে আজ দ্যুলোক -ভূলোকে এমন পুলক শিহরণ জাগিল?

এই মহামানব শিশুই আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ পয়গম্বর নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ ও মূর্ত আশীর্বাদ- মানব জাতির চরম এবং পরম আদর্শ- স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি- বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম)।

"গালাগাল উলা বি কামালিহী,

কাশাফাদ দুজা বি জামালিহী।

হাসুনাত জামিউ খেসোয়ালিহী,

সাল্লু আলাইহী ওয়া আলিহী।"

এই মহানবী (সা.) 'র জন্মবার্ষিকী নিয়ে রেডিও তেহরানের বিশেষ আলোচনা আমার হৃদয়ে যেমন গভীর রেখাপাত করেছে; তেমনি বিশ্ব মুমিনের হৃদয়ে এঁকে দিয়েছে রাসূলের উপর ভালোবাসার এক গভীর ক্ষতচিহ্ন। এর জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এর দুদিন আগে ২৫ সেপ্টেম্বরের পুরো অনুষ্ঠান শুনেছি। ওইদিন চিঠিপত্রের আসর প্রিয়জন-এর শুরুতেই ছিল মানুষকে খুশি করার বিষয়ে ইমাম আলী রেজা (আ.)-এর মুল্যবান বাণী যা আমাকে মুগ্ধ করেছে।

প্রিয়জন অনুষ্ঠানে অত্যন্ত আন্তরিকতার সাথে আমার চিঠির যথাযথভাবে উত্তর প্রদান করার জন্য আশরাফুর রহমান ভাইকে জানাই আমার হৃদয়ের অন্তস্থল থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও অন্তহীন ভালোবাসা। এদিন শরীফ বায়জিদ মাহমুদ-এর কণ্ঠে কবি ফররুখ আহমদের কবিতা 'সিরাজাম মুনীরা' আবৃত্তি ছিল অসাধারণ।

 

 

শুভেচ্ছান্তে,

 

নিজামুদ্দিন শেখ

সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব

গ্রাম: নওপাড়া, পোস্ট: নওপাড়া শিমুলিয়া

থানা: বহরমপুর, জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮