বিশ্ব বেতার দিবসে ঢাকায় রেডিও তেহরানের শ্রোতাদের মিলনমেলা
বাংলাদেশে আজ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকের মধ্যদিয়ে পালিত হয়েছে জাতিসংঘ ঘোষিত 'বিশ্ব বেতার দিবস'। 'সংলাপ, সহনশীলতা ও শান্তি' স্লোগানে আজ (বুধবার) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে দিবসটির উদ্বোধন এবং শ্রোতা সম্মেলনে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এসময় তিনি বলেন, ‘বেতার অনুষ্ঠানমালা উন্নত জাতি গঠনের সহায়ক হিসেবে প্রণীত হবে। দেশ, মানুষ ও সমাজের উন্নয়নের জন্য এবং নতুন প্রজন্ম ও সকল মানুষকে দেশের কাজে ব্রতী হতে উদ্বুদ্ধকারী অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার।
তথ্যসচিব আবদুল মালেক ও বাংলাদেশ বেতারের মহা-পরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ তথ্য মন্ত্রণালয় ও বেতারের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
শ্রোতা সম্মেলনে সারাদেশ থেকে ৯ শতাধিক শ্রোতা ও ক্লাব প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে রেডিও তেহরানের প্রধান মনিটর মো. ফিরোজ আলম ও মনিটর এম. সবুজ মাহমুদও অংশ নেন। তারা অংশগ্রহণকারী শ্রোতা ও ক্লাব প্রতিনিধিদের মাঝে রেডিও তেহরানের অনুষ্ঠান সূচি, শ্রোতা তালিকাভুক্তি ফরম, কিউএসএল কার্ড ও স্টিকার বিতরণ করেন।
এছাড়া, যেসব শ্রোতা ইতোমধ্যে তালিকাভুক্ত হয়েছেন তাদেরকে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্বকার্যক্রমের উপমহাদেশ ও পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালক হাসান নওরোজি স্বাক্ষরিত সনদপত্র প্রদান করা হয়।
সন্ধ্যায় বাংলাদেশ বেতার প্রাঙ্গণে শ্রোতাদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় সভায় যোগ দেন রেডিও তেহরানের উপস্থাপক ও অনুবাদক মোহাম্মদ বাবুল আকতার। এসময় শ্রোতারা রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠান এবং ওয়েবসাইটের ভূয়সী প্রশংসা করেন। সেইসাথে তারা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন।
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে দেশটিতে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। আজ র্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয় এবং শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন