‘বাংলা বেতারগুলোর মধ্যে গুণগত মান অনুযায়ী রেডিও তেহরান শীর্ষে’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের লেখাগুলো পার্সটুডে ডটকমে প্রকাশ শুরু হয়েছে। বিজয়ী ১২ জনের পাশাপাশি মানসম্মত সবার লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের কুষ্টিয়ার শ্রোতা মোঃ মোখলেছুর রহমানের লেখা।
একই সাথে ব্যাপক সংখ্যক জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপন মাধ্যমকেই গণমাধ্যম বলা হয়। গণমাধ্যমকে জনসংযোগের উপায় হিসেবেও বিবেচনা করা হয়। বর্তমান বিশ্বে প্রচারিত গণমাধ্যমের মধ্যে জনপ্রিয় হল রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও চলচ্চিত্র। এছাড়া মোবাইল ফোন এবং কম্পিউটার-ইন্টারনেটও গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। এসব গণমাধ্যম ব্যবহার করে অনেক দূরের মানুষের কাছেও খুব সহজেই বার্তা পৌঁছে দেওয়া যায়।
নিজকে, নিজের দেশকে এবং বিশ্বকে জানার আগ্রহ মানুষের চিরকালের। আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও ইন্টারনেট। সর্বাধুনিক প্রযুক্তির উন্নতির শতকে বাস করলেও বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় সংবাদপত্র ও টেলিভিশন এখনও পৌঁছায়নি। সেখানে বেতার মাধ্যমই একমাত্র ভরসা। বেতার বিশ্বকে জানার সর্বোত্তম মাধ্যম। বেতার কোন তথ্যকে রাজধানীর বিশাল রাজপ্রাসাদ থেকে অজো পাড়া গাঁয়ের জরাজীর্ণ কুটিরে পৌঁছে দিতে পারে। সেজন্যই বেতারের ভূমিকা অপরিসীম। এই নীতিতে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন দেশ বেতার অনুষ্ঠান সম্প্রচার করছে। নিজের দেশের কৃষ্টি, কালচার, রাষ্ট্রীয়, সামাজিক, সাংস্কৃতিক খবরাখবর তুলে ধরছে।
তেমনই একটি গণমাধ্যম হল ‘রেডিও তেহরান’! সে কথা বলে একই কণ্ঠে, কিন্তু ত্রিশটি ভাষায়। রেডিও তেহরান হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কণ্ঠ। কিন্তু তাই বলে সে ইসলামী প্রজাতন্ত্র ইরানের খবরাখবরই পরিবেশন করে না! সারা বিশ্বের সঠিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কী মতামত- এ সম্পর্কে শ্রোতাদের সামনে তুলে ধরাই এর একমাত্র লক্ষ্য। তাছাড়াও মধ্যপ্রাচ্যের নির্ধারিত লক্ষ্য এলাকার সেই সব খবর পরিবেশনও রেডিও তেহরানের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে অন্যতম।
বিশ্বের বাংলা ভাষায় সম্প্রচারিত বেতার কেন্দ্রগুলোর মধ্যে গুণগত মান অনুযায়ী ‘রেডিও তেহরান’ সবার শীর্ষে। কারণ রেডিও তেহরানের চমৎকার সব তথ্য বহুল, শিক্ষণীয়, বিনোদনমূলক, ধর্মীয় অনুষ্ঠানগুলো শ্রোতাবন্ধুদের দারুণ আকৃষ্ট করে। যেমন- তাফসির বিষয়ক ধারাবাহিক- কুরআনের আলো; মহান আল্লাহর গুণবাচক নামগুলোর পরিচয় ও ব্যাখ্যামূলক ধারাবাহিক- আসমাউল হুসনা; ইরানের বিখ্যাত দর্শনীয় স্থানগুলোর সাথে পরিচিতি মূলক ধারাবাহিক- ইরান ভ্রমণ; স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ধারাবাহিক- স্বাস্থ্য কথা; আদর্শ মানুষ গড়ার কৌশল ধারাবাহিক- শিক্ষা ও কৌশল; ১৯৮০ সাল ইরানের উপর ইরাকের মাধ্যমে চাপিয়ে দেয়া এক দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধের ধারাবাহিক- ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস; পাশ্চাত্যের জীবন ব্যবস্থা নামক ধারাবাহিক; বাংলাদেশ ও ভারতের পত্র-পত্রিকার খবরের বিশ্লেষণমূলক- কথাবার্তা; ইরানের প্রাচীন সভ্যতার সাথে পরিচিতিমূলক ধারাবাহিক- গল্প ও প্রবাদের গল্প; বিশ্বের নানা ঘটনার চিত্র- দর্পন; শিশু-কিশোরদের সাপ্তাহিক অনুষ্ঠান- রংধনু আসর; শ্রোতাদের চিঠিপত্র, ই-মেইল, ফেসবুক, ওয়েবসাইটে প্রকাশিত মতামত, সাক্ষাৎকার ও গান দিয়ে সাজানো অনুষ্ঠান- প্রিয়জন; এছাড়াও বিশেষ দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান তো রয়েছেই।
রেডিও তেহরানের বাংলা বিভাগের মানোন্নয়নে কর্তৃপক্ষ শ্রোতা বন্ধুদের সুচিন্তিত: মতামত, প্রস্তাব, সমালোচনা ও সদুপদেশ গুলো অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করে থাকেন। সেই সাথে রেডিও তেহরানের বাংলা বিভাগ শ্রোতা বন্ধুদের সঠিক মূল্যায়ন করতে কুণ্ঠিত হন না। যা অন্যান্য বেতার কেন্দ্রগুলো মোটেও করেন না।
রেডিও তেহরানের বাংলা বিভাগের কর্মী ভাই ও বোনদের নিরল প্রচেষ্টা, পরিশ্রম ও সচেতনতার ফলে দিন দিন অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হচ্ছে। সেই সাথে চমৎকার সব শিক্ষণীয়, তথ্যবহুল, বিনোদন মূলক ও মনোগ্রাহী অনুষ্ঠানমালার ফলে দিন দিন শ্রোতা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
রেডিও তেহরানের বাংলা বিভাগ আজ ৩৯ বৎসরের এক পরিপূর্ণ বেতার কেন্দ্র! এই বেতার কেন্দ্র থেকেই ইরান- ইরাক যুদ্ধের খবর, ইরাক কর্তৃক কুয়েত দখলের খবর, উপ-সাগরীয় যুদ্ধের খবর, স্বৈরাচার এরশাদ সরকার পতনের খবরসহ নানা দুর্যোগ-দুর্ঘটনার সংবাদ উপহার দিয়ে বিশ্বের বাংলা ভাষাভাষী শ্রোতাদের মনের মণিকোঠায় স্থায়ী জায়গা করে নিয়েছে।
রেডিও তেহরান বাংলা বিভাগের অগ্রযাত্রা শুভ হোক, আরও সুন্দর হোক এবং কণ্টক মুক্ত হোক! রেডিও তেহরানের বাংলা বিভাগের ৩৯ বৎসর পূর্তি উপলক্ষে বাংলা বিভাগের সকল কলা-কুশলীকে এবং সকল শ্রোতা ভাই ও বোনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
মোঃ মোখলেছুর রহমান
খাদিমপুর বাজার, পোঃ বহলবাড়ীয়া, জেলা: কুষ্টিয়া-৭০৩০
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।