‘অন্ধকার ভেদ করে সমাজ ও বিশ্বকে আলোকিত করে যাচ্ছে রেডিও তেহরান’
https://parstoday.ir/bn/news/letter-i95160-অন্ধকার_ভেদ_করে_সমাজ_ও_বিশ্বকে_আলোকিত_করে_যাচ্ছে_রেডিও_তেহরান’
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। রেডিও তেহরান-এর একজন নিয়মিত শ্রোতা আমি। নানা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়সহ তথ্যবহুল চমকপ্রদ সব অনুষ্ঠানের মাধ্যমে সাজানো রেডিও তেহরান এতোটাই ভালো লাগে যে, সকালের চা-নাশতাসহ রাতের খাবার টেবিলে রেডিও তেহরান এখন আমার ও আমার পরিবারের নিয়মিত সঙ্গী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৮, ২০২১ ০৮:৪৪ Asia/Dhaka
  • ‘অন্ধকার ভেদ করে সমাজ ও বিশ্বকে আলোকিত করে যাচ্ছে রেডিও তেহরান’

সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। রেডিও তেহরান-এর একজন নিয়মিত শ্রোতা আমি। নানা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়সহ তথ্যবহুল চমকপ্রদ সব অনুষ্ঠানের মাধ্যমে সাজানো রেডিও তেহরান এতোটাই ভালো লাগে যে, সকালের চা-নাশতাসহ রাতের খাবার টেবিলে রেডিও তেহরান এখন আমার ও আমার পরিবারের নিয়মিত সঙ্গী।

‘আদর্শ মানুষ গড়ার কৌশল’, 'কোরআনের আলো,' 'সংবাদ', বৃহস্পতিবারের বিশেষ আকর্ষণ 'রংধনু আসর' এবং সোমবারের শ্রোতানন্দিত 'প্রিয়জন' অনুষ্ঠান- সব মিলিয়ে রেডিও তেহরান যেন লাখো শ্রোতার জীবনে অবিরাম দ্যূতি ছড়িয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের 'রংধনু আসর' যেন একের ভেতর অনেক! জীবনঘনিষ্ঠ নানা ছোট ছোট শিক্ষণীয় গল্পগুলো আদর্শ ও পরিপূর্ণ জীবনবোধের রসদ যুগিয়ে যাচ্ছে। দেশে দেশে বিবাহ বিচ্ছেদ, মাদকসহ নানা অনৈতিক কর্মকাণ্ডের ভয়াবহতার মতো অন্ধকারকে ভেদ করে রেডিও তেহরান আলোকিত করে যাচ্ছে সমাজ ও বিশ্বকে। রেডিও তেহরান শুনলে জীবন আলোকিত হবেই। 

চারিদিকে অনৈতিকতা, অমানবিকতা ও অশ্লীলতাসহ মানবিক মূল্যবোধের এই রমরমা সময়েও রেডিও তেহরান তার অনুপম বৈশিষ্ট্যপূর্ণ অনুষ্ঠানের স্বকীয়তায় যেন সাগর সেঁচে মুক্তো এনে দিচ্ছেন! মানবতাকে জয় করে যাচ্ছেন তার গৌরবোজ্জ্বল আপন মহিমায়!

বিশেষ করে, ঈদুল আজহার বিশেষ রংধনু আসরটি ছিল খুবই সময়োপযোগী ও তাৎপর্যময়। সেদিনের রংধনু আসরের কুরবানি বিষয়ক গানের কথাগুলো হৃদয়কে নাড়া দিয়ে গেছে। ত্যাগের মহিমায় খোদাপ্রেমে উদ্বুদ্ধ করেছে। তাছাড়া ছোট বন্ধুদের কবিতা ও কথামালাও দারুণ লেগেছে।

অবক্ষয়ে, অপঘাতে, হতাশায় হারিয়ে না গিয়ে রেডিও তেহরান শুনুন, জীবনকে উপভোগ ও অনুভব করুন বিশুদ্ধ আনন্দে- শ্রোতাবন্ধুদের কাছে এ আমার শেষ অনুরোধ! প্রকৃত বিনোদন ও ভালোবাসার খাঁটি নির্যাসে সিক্ত হোন রেডিও তেহরানের চেতনায়। আজ এ পর্যন্তই ইতি টানছি।

 

হারুন অর রশীদ 
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম: পূর্ব নলছিয়া, ডাকঘর: বিনোদটঙ্গী 
থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।