শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরানের প্রতি শ্রোতাদের ভালোবাসার গভীরতা টের পাওয়া যায়’
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আধুনিক গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। একে তো রেডিও অনুষ্ঠান বেতার (শর্টওয়েভ), ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও ইউটিউবে লাইভ প্রচার করছে; অন্যদিকে এসব অনুষ্ঠান ওয়েবসাইটে (পার্সটুডে) আপলোড করে পরে শোনার বা পড়ার সুযোগ করে দিচ্ছে।
ফলে যার যে মাধ্যমে সুবিধা, যার যখন সুবিধা তিনি সে মাধ্যমে, কাঙ্ক্ষিত সময়ে অনুষ্ঠান শুনতে বা পড়তে পারছেন। এত বহুমুখীভাবে শ্রোতা-পাঠকদের কাছে পৌঁছার কারণে রেডিও তেহরান সাম্প্রতিককালে অত্যন্ত জনপ্রিয় ও শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে।
উল্লেখ্য যে, সম্প্রতি শ্রোতাবান্ধব নানা পদক্ষেপের কারণে রেডিও অনুষ্ঠানের জনপ্রিয়তার পাশাপাশি ওয়েবসাইটের জনপ্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ওয়েবসাইটে ‘শ্রোতাদের মতামত’ বিভাগ চালুর পর পার্সটুডের ভিজিটর যেমন বাড়ছে, তেমনি অনেক শ্রোতা এ বিভাগে প্রকাশের প্রত্যাশায় সুন্দর সুন্দর চিঠি, গঠনমূলক সমালোচনা ও নতুন নতুন প্রস্তাব পাঠাচ্ছে। এটি সত্যিই আনন্দের।
সম্প্রতি পার্সটুডে ওয়েবসাইটে ‘শ্রোতাদের মতামত’ বিভাগে অনেকক্ষণ বিচরণ করলাম। খেয়াল করে দেখলাম, প্রথম পেইজের ১০টি লেখা প্রকাশিত হয়েছে ২৬ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে। অর্থাৎ প্রতিদিন গড়ে একটিরও বেশি মতামত প্রকাশিত হয়েছে। এ থেকেই রেডিও তেহরানের প্রতি শ্রোতাদের আগ্রহ ও ভালোবাসার গভীরতা টের পাওয়া যায়। আমি প্রথম পেইজের ১০টি মতামতই পড়েছি। প্রতিটি মতামতই ভালোবাসায় পরিপূর্ণ, বিষয়বৈচিত্র্যে ভরপুর এবং গঠনমূলক সমালোচনায় সজ্জিত।
নানা রঙে, নানা ঢঙে, নানা বিষয়ে লেখা এসব মতামত পড়তে পড়তে হৃদয় আমার আপ্লুত হয়ে উঠেছে। তারমধ্যে কয়েকটি মতামত এতই ভালো লেগেছে যে সেগুলো কয়েকবার করে পড়েছি। রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওয়েবসাইটে ‘শ্রোতা মতামত’ নামে এমন সুন্দর একটি বিভাগ চালু করার জন্য।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।