‘গণমাধ্যমের সব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে রেডিও তেহরানে’
https://parstoday.ir/bn/news/letter-i96342-গণমাধ্যমের_সব_বৈশিষ্ট্য_বিদ্যমান_রয়েছে_রেডিও_তেহরানে’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ’র লেখা।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
আগস্ট ২৪, ২০২১ ০৭:২৪ Asia/Dhaka
  • ‘গণমাধ্যমের সব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে রেডিও তেহরানে’

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ’র লেখা।

উন্নয়নের পাশাপাশি মেধা ও মননে বিকশিত একটি উন্নত রাষ্ট্র গঠনে গণমাধ্যমের গঠনমূলক চর্চা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যেমন সংবাদপত্র, ম্যাগাজিন, ওয়েব সাইট, টিভি এবং রেডিও ষ্টেশন। উপযুক্ত প্রমাণসহ সংবাদ প্রকাশ করে মানুষকে অবহিত করাই হচ্ছে সাংবাদিকতা। তথ্য-প্রযুক্তির যুগে সাংবাদিকতা খুবই সহজ হয়ে উঠেছে। অন্যদিকে কঠিন হয়ে পড়েছে তথ্যের ‘সঠিকতা’ যাচাই করা। এজন্য সঠিক তথ্য অনুসন্ধানে সংবাদিকদের সচেতন হওয়া দরকার। 

দেশের সব শ্রেণীর মানুষের খবর, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সফলতার সংবাদ ইত্যাদির ক্ষেত্রে গণমাধ্যমগুলো কার চেয়ে কে বেশি অগ্রগামী হবে, সে প্রতিযোগিতা থাকা গণমাধ্যমের উত্তম গুণাবলী। বর্তমানে জাতীয় পর্যায়ের খবর সংগ্রহেও চলছে প্রতিযোগিতা। গণমাধ্যমের এমন গুণাবলী নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে। গণমাধ্যম আদর্শ রাষ্ট্রের গর্ব।

সাম্প্রতিক সময়ে কোন ঘটনার শুরুর সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্য ছড়িয়ে পড়ায় প্রিন্ট সংবাদপত্র পড়া, টিভি দেখা ও রেডিও শোনার প্রতি মানুষের আগ্রহ কমেছে। ফলে আগ্রহ বাড়ছে অনলাইন বা ওয়েবসাইট গণমাধ্যমের প্রতি।

তথ্য-প্রযুক্তির এই সময়ে দেশীয় রেডিও’র প্রতি আগ্রহ কমলেও ইরানভিত্তিক ‘রেডিও তেহরান’ শোনার প্রতি বেশি আগ্রহ বাংলাদেশের মানুষের। ১৯৮২ সালের ১৭ এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান ‘রেডিও তেহরান’ যাত্রা শুরু করে। শুরু থেকেই রেডিও’র সাথে সম্পৃক্ত সকলের আন্তরিক প্রচেষ্টায় সঠিক সংবাদ উঠে আসছে। রেডিও তেহরানের বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর, কথাবার্তা ও প্রিয়জনসহ আরও নানা অনুষ্ঠানের মাধ্যমে উঠে আসে ইরান, মধ্যপ্রাচ্য ও বাংলাদেশসহ সারাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ। ব্যাপক জনপ্রিয় রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে।

গণমাধ্যম হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। রাজনৈতিক উত্থান-পতন ও যুদ্ধ-বিগ্রহের বর্ণনা, প্রাকৃতিক বিপর্যয় এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার চিত্র সব কিছুই এর আওতায় পড়ে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিনোদন ও সাংস্কৃতিক খবরসহ জাতীয়, আঞ্চলিক, আর্ন্তজাতিক নানাবিধ তথ্য খবরাখবর মানুষ রেডিও থেকেও শুনে থাকে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অন্যায় অপরাধ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, নারী নির্যাতন, নারী বৈষম্য ইত্যাদি বিষয়ে রেডিও জনগণকে সচেতন করে তুলে। একটি গণমাধ্যম একটি শক্তিশালী আদর্শ হিসেবে বিবেচিত। রেডিও’র বিপুল সংখ্যক শ্রোতাও সেই আদর্শের অনুসারী হতে পারে। এতে অগ্রণী ভুমিকা পালন করছে রেডিও তেহরান।

মানুষের জীবন গড়ার মূল সময় হচ্ছে শৈশবকাল। রেডিও তেহরানের মাধ্যমে সেই শিশুদের উৎসাহ এবং সঠিক পরামর্শ দেওয়া হয় ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে। এক কথায়- ‘সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রেডিও তেহরান এগিয়ে যাচ্ছে। সঠিক মানুষ গড়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে ইসলামের অতীত ঘটনাগুলো সুন্দরভাবে বর্ণনায় ইসলাম প্রচারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে রেডিও তেহরান।

শিশু নির্যাতন থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোতে নারীদের যেভাবে পণ্য হিসেবে উপস্থাপন করা হয় তাকে কোনোভাবেই নারীর স্বাধীনতা বলা চলে না। রেডিও তেহরান প্রতিষ্ঠালগ্ন থেকে শিশু নির্যাতনসহ নারীদের পণ্য হিসেবে ব্যবহারের বিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলছে। এক্ষেত্রে আস্থার রেডিও তেহরান একটি জায়গা। এজন্যে দিন দিন রেডিও তেহরানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ-রেডিও তেহরান বিশ্বাস করে, একজন আদর্শ নারীই পারে সুস্থ একটি পরিবার তৈরি করতে। আর সুস্থ পরিবার কাজ করে সুস্থ সমাজ গঠন করতে। সুস্থ সমাজ মিলে একটি সুস্থ দেশ গড়ে ওঠে।

গণমাধ্যমের সব বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে রেডিও তেহরানে। বহুল প্রচারিত রেডিও তেহরানের উদ্যোগে প্রতি মাস এবং বিভিন্ন দিবস উপলক্ষে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী সমাজ গড়তে এটি ভূমিকা রাখছে। রেডিও তেহরানের অনলাইন সংস্করণে ‘অনুভূতি’ প্রকাশ করে শ্রোতাদের উৎসাহ দেয়া হচ্ছে। ফলে রেডিও তেহরান শুনতে শ্রোতাদের আগ্রহ বাড়ছে। প্রযুক্তির এই যুগে রেডিও তেহরান এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর যাত্রা অব্যাহত থাকবে।

 

মোঃ এমদাদ উল্যাহ

পেশা : সাংবাদিকতা

গ্রাম: সাতঘড়িয়া, পো: বিজয়করা, থানা: চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।