প্রবন্ধ প্রতিযোগিতা
‘রেডিও তেহরান থেকে সর্বস্তরের মানুষ পাচ্ছে সুন্দর জীবন গঠনের উপাদান’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের পাবনা জেলার প্রতিযোগী মোঃ মুকুল হোসেনের লেখা।
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “আমি তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ দুটি ভারি মূল্যবান বস্তু রেখে যাচ্ছি। প্রথমটি হল- আল্লাহর কিতাব কুরআন যা আকাশ থেকে জমিন পর্যন্ত বিস্তৃত আল্লাহর রজ্জু। আর দ্বিতীয়টি হল- আমার আহলে বাইত। তোমরা যদি এ দুটিকে আঁকড়ে ধর তবে কখনোই বিপথগামী হবে না। এ দুটি আমার সাথে হাউজে কাউসারে মিলিত না হওয়া পর্যন্ত পরস্পর বিচ্ছিন্ন হবে না। (সূত্র: সহীহ মুসলিম: হাদিস নং ৫৯২০-৩, জামি আত তিরমিযী: হাদিস নং ৩৭৮৬, ৩৭৮৮। ইবনে কাছির, আল বিদায়াহ ওয়ান নিহায়াহ খণ্ড-৫, পৃষ্ঠা-২০৯)।
রেডিও তেহরানসহ স্বল্প কিছু গণমাধ্যম ছাড়া বিশ্বের অন্য কোনো গণমাধ্যমে গুরুত্বপূর্ণ এ হাদিসের প্রতিফলন ঘটেনি। বেশিরভাগ ইসলামী নামধারী গণমাধ্যম গড়ে উঠেছে এ হাদিসকে পাশ কাটিয়ে শুধুমাত্র পবিত্র কুরআন তেলাওয়াত নির্ভর ও ব্যাখ্যার ক্ষেত্রে বিশুদ্ধতা যাচাই না করে। কিন্তু রেডিও তেহরান পবিত্র কুরআন ও পবিত্র আহলে বাইত (আ.) দ্বারা প্রচার কার্যক্রমে সমন্বয় ঘটিয়েছে।
ইমাম হুসাইন (আ.) বিপ্লবের পবিত্র স্রোত ধারা থেকে সংঘটিত ইরানের ইসলামী বিপ্লবের ঝর্ণাধারার একটি হল রেডিও তেহরান। এ নির্মল ঝর্ণাধারা প্রতিনিয়ত আলো ছড়াচ্ছে।
অন্ধকারের অমানিশা গণমাধ্যমের যুগে রেডিও তেহরানের কারণে বিশ্ব সমাজের মধ্যে বাড়ছে সচেতনতা। শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খুঁজে পাচ্ছে সুন্দর জীবন গঠনের প্রয়োজনীয় উপাদানের অফুরন্ত ভাণ্ডার। হলুদ সাংবাদিকতার দৌরাত্ম্যে বিশ্ব সমাজকে যখন সাম্রাজ্যবাদীদের তাঁবেদার বানানো হচ্ছে এমনি দুঃসময়ে সাম্রাজ্যবাদীদের শোষণ ও জুলুমের বিরুদ্ধে রেডিও তেহরান প্রতিরোধের ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, রেডিও তেহরানের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনার ফল্গুধারা থেকে বিশ্ব সমাজ সন্ধান পাচ্ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠনের দিক নির্দেশনা। মহান আল্লাহর সাথে ভালোবাসা সৃষ্টি ও বিশ্বাসের ভিত্তি দৃঢ়করণ এবং পবিত্র ইমামদের প্রকৃত অনুসারী হওয়ার জন্য রেডিও তেহরানের ভূমিকা আলোকবর্তিকা স্বরুপ। জীবনকে অর্থবহ, পাল্টে দেওয়ার জন্য, মনোজগতকে পরিচ্ছন্ন ও নির্মল করার জন্য রেডিও তেহরান গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর অনেকগুলো পর্ব ধারাবাহিকভাবে উপস্থাপন করেছে। সেগুলোর অন্যতম হল: কুরআনের আলো, আদর্শ মানুষ গড়ার কৌশল, জীবনশৈলী, আসমাউল হুসনা, পবিত্র রমজানে বিশেষ অনুষ্ঠান, মহানবী (সা.)-এর জীবন নিয়ে নূরনবী মোস্তফা (সা.), কারবালা বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে চিরভাস্বর কারবালার মহাবিপ্লব, ইরানের ইসলামী বিপ্লবের অগ্রযাত্রা নিয়ে অনেকগুলো পর্ব।
এছাড়াও উপস্থাপন করেছে, আদর্শ জীবনযাপন, ঐশী দিশারী, ইসলামের দৃষ্টিতে রোগীর যত্ন ও দেখাশোনার গুরুত্ব, সোনালী নীড়, ইসলামে শিশু অধিকার, ভার্চুয়াল জগত, পবিত্র হজ্জ ও সুস্থ পরিবার।
আরও প্রচার করছে প্রিয়জন অনুষ্ঠান, শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু আসর, গল্প ও প্রবাদের গল্প, সংবাদপত্র বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান কথাবার্তা, ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস, পাশ্চাত্যের যুবকদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতার দুটি গুরুত্বপূর্ণ চিঠি, সুস্থ সংস্কৃতি, প্রবন্ধ ও বিশ্ব সংবাদ যা অনেক গণমাধ্যমের আন্তর্জাতিক সংবাদে তথ্যসূত্র হিসেবে ব্যবহার হচ্ছে।
সভ্যতা ও মানবতার দাবিদার পাশ্চাত্যের মুখোশ উন্মোচনে রেডিও তেহরান প্রচার করছে, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, আইএস সৃষ্টিতে জড়িত পক্ষ, ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির ষড়যন্ত্র, ফিলিস্তিন, ইয়েমেন, আফগানিস্তান, ইরাক, সিরিয়াসহ সারা বিশ্বে পাশ্চাত্যের জুলুমের চিত্র।
পরিশেষে, বিষয়বস্তুর ব্যাপকতার কারণে রেডিও তেহরানের ভূমিকা সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরা কঠিন। সময় উপযোগী তথ্য প্রদান ও সুন্দর জীবন গঠনে অবদান রাখার জন্য রেডিও তেহরানের ভূমিকা অনস্বীকার্য। ইরানের ইসলামী বিপ্লবের রুপকার ইমাম খোমেনি (রহ.) মহান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় মজলুমদের পাশে থাকার ঘোষণা দিয়েছিলেন। ইমামের সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রেডিও তেহরান। ইমাম খোমেনি (রহ) বলেছিলেন:
“যতদিন পর্যন্ত না 'লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ' ধ্বনি সমগ্র পৃথিবীতে ধ্বনিত হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। পৃথিবীর যেখানেই জালিমেই বিরুদ্ধে মজলুমের সংগ্রাম সেখানেই আমরা আছি।”
আর ইমামের এ বাণী আল্লাহর বাণী থেকেই উৎসারিত। মহান আল্লাহ বলেন, "তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর পথে লড়াই করছ না অসহায় নারী, পুরুষ ও শিশুদের রক্ষার জন্যে? যারা বলে- হে আমাদের প্রতিপালক! জালেমের এই জনপদ থেকে আমাদেরকে উদ্ধার কর। তোমার কাছ থেকে কাউকে আমাদের অভিভাবক কর এবং তোমার কাছ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও ৷" (সূরা নিসা-৭৫)।#
লেখক: মোঃ মুকুল হোসেন, ব্যাংক কর্মকর্তা, গ্রাম: ভাটপাড়া, ডাকঘর: সাতবাড়িয়া, উপজেলা: সুজানগর, জেলা: পাবনা।
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।