শ্রোতাদের মতামত
আসমাউল হুসনাসহ রেডিও তেহরানের তিনটি অনুষ্ঠান সম্পর্কে মতামত
জনাব, আসসালামু আলাইকুম, শুরুতেই হেমন্তের এক পড়ন্ত বিকেলের অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা জানবেন। গত কয়েক দিন ধরে বাংলাদেশের দূর্গোৎসবে কুরআন অবমাননা, পূজামণ্ডপে আক্রমণ, সহিংসতা ইত্যাদি নিয়ে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ধর্মের মূখোশধারী এক শ্রেণীর মানুষ যেভাবে মানবতাকে ভূলুণ্ঠিত করতে চেষ্টা চালাচ্ছে তা এক মুখে ধিক্কার জানাচ্ছি এবং শান্তি সম্প্রীতি বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান কামনা করে আজকের লেখার শুভ সূচনা করছি।
গত ১৭ অক্টোবর তারিখে রেডিও তেহরান থেকে প্রচারিত আল্লাহ তায়ালার গুণ ও মহিমা বর্ণনার সুন্দর অনুষ্ঠান আসমাউল হুসনার ৫১তম পর্ব শুনলাম। পর্বটি থেকে জানলাম যে, আল্লাহ তায়ালার আরেকটি পবিত্র ও মহিমান্বিত নাম ‘হক’ যার অর্থ ‘সত্য, প্রতিষ্ঠিত, বাস্তব ও ত্রুটিমুক্ত’। বেশ ভালো লাগল পবিত্র কুরআন-এর আলোকে মহান আল্লাহ তায়ালার ওই গুণবাচক নামের অপূর্ব নিখুঁত মহিমা বর্ণনা শুনে। দুঃখজনক বিষয় হলো- বর্তমান সমাজে আমরা হককে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠা করার যাবতীয় কারসাজি করে যাচ্ছি। যদিও হক-এর বিজয়ীই অনিবার্য। আলোচনাটি সম্পর্কে শুনে আমার জ্ঞান চক্ষু উন্মোচন হলো।
অনুষ্ঠানে শুনতে পেলাম পবিত্র কুরআনুল কারিমে ৪ বার হক শব্দের প্রয়োগ করা হয়েছে। সেই সাথে হজরত মুহাম্মদ (সা.)-এর বাণীতেও এর সুন্দর প্রতিফলন বর্ণনা করা হলো যা শুনে দারুণভাবে উপকৃত হলাম।
‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ সম্পর্কে মতামত
একই দিনে ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ শীর্ষক আলোচনাটিতে -য়েদেরকে গল্প বা কাহিনি শোনানোর উপকারিতা সম্পর্কে জানতে পারলাম। আর সেই গল্প-কাহিনি যদি হয় কুরআনভিত্তিক ও কুরআনে বর্ণিত কাহিনী যা থেকে সন্তানরা দারুণভাবে উপকৃত হবে বলে জানতে পারলাম। খুব ভালো লাগলো কুরআনের আলোকে আলোচনাটি শুনে।
সুন্দর দুটি অনুষ্ঠান উপহার দিয়ে রেডিও তেহরান আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করলো। তাই সুন্দর অনুষ্ঠানের জন্য রেডিও তেহরানকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
'ইরান ভ্রমণ' সম্পর্কে মতামত
ইরান ভ্রমণ আমাদের ভাগ্যে জুটবে কি না তা জানি না তাই প্রতিনিয়ত গভীর মনোযোগ দিয়ে ‘ইরান ভ্রমণ’ শীর্ষক অনুষ্ঠানটি শুনে দুধের স্বাদ ঘোলে মেটাই। তাই আজও আমার জীবনঘনিষ্ঠ অনুষ্ঠানটি শুনে কিছু না লিখে পারলাম না।
১৬ অক্টোবর গাজী আব্দুর রশীদ ও সোহেল আহম্মেদ ভাই-এর উপস্থাপনায় রেডিও তেহরান-এর ‘ট্রাভেল এন্ড ট্যুরিজম’ শীর্ষক অনুষ্ঠানটি মজা করে শুনলাম ও দারুণভাবে উপভোগ করলাম।
গত আসরের অবশিষ্ট অংশ সেমনান প্রদেশের আরো কিছু নতুন নতুন তথ্য যা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে। সেমনান প্রদেশের সংরক্ষিত এলাকা বিশ হাজার বর্গ কিলোমিটার ও আশি মিলিয়ন হেক্টর সংরক্ষিত এলাকার পঁচিশ শতাংশ সেমনান প্রদেশে। বৈচিত্র্যময় আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি খামার, খনিজসম্পদ, বিভিন্ন কৃষিপণ্য, ফলমূল ও নানা উৎপাদিত পণ্যসামগ্রী সেমনান প্রদেশকে সমৃদ্ধ করেছে।
সেইসাথে প্রাচীন গোমেজ শহর বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের অপূর্ব সমাহারের ভগ্নাবশেষ আজও বিদ্যমান রয়েছে। এখানে প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের ও বিভিন্ন জনগোষ্ঠীর আদি বাসস্থান বলে খ্যাত। এই প্রদেশেই প্রাচীন যুদ্ধ-বিগ্রহের দূর্গ আজও বিদ্যমান রয়েছে।
প্রাকৃতিক সৌন্দর্য দিক দিয়েও সেমনান প্রদেশে অতুলনীয় ও পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। তাই দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় করে। এখানে বিখ্যাত পর্যটক ইয়াকুব হামারির মন্তব্য বিশেষভাবে উল্লেখযোগ্য।
সার্বিক দিক দিয়ে এ পর্বের আয়োজনটি ছিল আমার নিকট অতি মূল্যবান, আনন্দদায়ক ও আকর্ষণীয়।
সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী অংশ শোনার অপেক্ষায় রইলাম। ইতি-
ধন্যবাদান্তে,
আব্দুস সালাম সিদ্দিক,
সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব,
কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।