ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে ভারতের দুই শ্রোতার মতামত
https://parstoday.ir/bn/news/letter-i98902-ঈদে_মিলাদুন্নবী_(সা.)_উপলক্ষে_বিশেষ_অনুষ্ঠান_সম্পর্কে_ভারতের_দুই_শ্রোতার_মতামত
জনাব, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের লেখার শুরুতেই বাংলাদেশসহ সারা উপমহাদেশে দূর্গাপূজা ও কুরআন অবমাননা নিয়ে উত্তেজনা নিরসনে সবাইকে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সমন্বয় রক্ষা করে চলার আহ্বান জানাচ্ছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২০, ২০২১ ১৭:২৮ Asia/Dhaka
  • ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্পর্কে ভারতের দুই শ্রোতার মতামত

জনাব, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকের লেখার শুরুতেই বাংলাদেশসহ সারা উপমহাদেশে দূর্গাপূজা ও কুরআন অবমাননা নিয়ে উত্তেজনা নিরসনে সবাইকে শান্তি, সম্প্রীতি, ঐক্য ও সমন্বয় রক্ষা করে চলার আহ্বান জানাচ্ছি।

গত ১৯ অক্টোবর মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মোৎসব বা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি শুনে আমি আনন্দিত উদ্বেলিত ও উৎফুল্লিত হলাম। বিশেষ করে একটি ইসলামী সঙ্গীত দিয়ে শুরু হয়ে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, সরোয়ারে কায়েনাত, নবীদের নবী, ইমামুল মুরসালীন, খাতামুন নাবীঈন, বিশ্ববাসীর শিক্ষক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহিস সাল্লাম-এর জন্ম বৃত্তান্ত, জীবন আদর্শ, তাঁর আচার-আচরণ, নৈতিকতার শিক্ষা, ইসলাম-এর করণীয় ও বর্জনীয়, ইসলামকে জীবন ব্যবস্থা রূপে তুলে ধরার ক্ষেত্রে বিভিন্ন মনীষীদের অভিমত, কুরআন-হাদিসের ব্যাখ্যা সম্বলিত সুন্দর অনুষ্ঠানটি শুনে মনটা ভরে গেল। 

অনুষ্ঠানে বলা হল- আজ এই অশান্তিময় পৃথিবীতে শান্তি বারী বর্ষণের জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। আজকের পুঁজিবাদী, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের কায়েমী স্বার্থের বিপরীতে একমাত্র ইসলামই যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।

সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষে সবাইকে আবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

 

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব

কান্দুলিয়া, বড়পেটা আসাম ভারত।

আসসালামু আলাইকুম, 

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের আমি একজন নিয়মিত ও একনিষ্ঠ ভক্ত শ্রোতা। প্রতিদিনের মতো আজও শুনলাম আপনাদের অনুষ্ঠান।   

নাই    তা   জ  
           তাই    লা    জ?
ওরে   মুসলিম, খর্জুর-শিষে তোরা সাজ!
করে   তসলিম হর কুর্নিশে শোর আওয়াজ
শোন   কোন মুজ্‌দা সে উচ্চারে হেরা আজ  
            ধরা-মাঝ!
  
       উরজ-য়্যামেন নজ্‌দ হেজাজ তাহামা ইরাক শাম
       মেশের ওমান তিহারান স্মরি কাহার বিরাট নাম।
পড়ে   ‘সাল্লাল্লাহু আলায়হি সাল্‌লাম।    

হ্যাঁ, আজ পবিত্র ফাতেহা-ই-দোয়াজ-দাহম বা ঈদে মিলাদুন্নবী (সা.)

ভালো লাগল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আপনাদের প্রচারিত বিশেষ অনুষ্ঠান। 

বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মা আমিনার লাল, মরুর দুলাল, রহমাতুল্লিল আলামীন, শাফেইন মুজনেবিন, আকায়ে নামদার তাজদারে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মোস্তফা (স.) এর ধরা ধামে পবিত্র আগমন নিয়ে বিস্তারিত আলোচনা শুনলাম। তাঁর আগমন প্রাক্কালে যে অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল তাও জানলাম আজকের অনুষ্ঠান থেকে। আইয়্যামে জাহলিয়াতের অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন, পাপাচার ও পঙ্কিলময় আরব ভূমিতে তিনি আবির্ভূত হয়েছেন সমগ্র মানব জাতির কল্যাণকামী হিসেবে। অসত্য, অন্যায় ও জুলুমের ঘোর অমানিশা দূর করার জন্য তিনি ঊষর মরুতে অবতীর্ণ হয়েছিলেন সত্য, ন্যায় ও শান্তির আলোকবর্তিকা হাতে নিয়ে। তার পবিত্র আগমনে ধীরে ধীরে পৃথিবী থেকে বিদায় নেয় অন্যায়, অত্যাচার, জুলুম, খুন ও ধর্ষনের মতো জঘন্য অপরাধগুলো। এই মহামানবের শানে কাজী নজরুল ইসলামের মুল্যবান দুটি ইসলামী সংগীত দিয়ে সাজানো অনুষ্ঠান ছিল খুবই প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী। কিন্তু আফসোস, আজকাল কিছু আলেম সমাজ এই পবিত্র দিনটি পালন করাকে শির্ক, বেদাত ইত্যাদি ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। বিশ্বব্যাপী এই খুশির দিনকে মনগড়া ফতোয়া দিয়ে ম্লান করে দিতে চাইছে। কিন্তু তা কখনো হবার নয়। আল্লাহ পাক তাদের নেক বুঝ দান করুন আমিন। 

ক্ষমা করো হজরত 

ভুলিয়া গিয়েছি তব আদর্শ

তোমার দেখানো পথ।।

 

শুভেচ্ছান্তে, 

নিজামুদ্দিন সেখ 

সভাপতি, ফেমিলি রেডিও লিসনার্স ক্লাব 

গ্রাম: নওপাড়া,পোস্ট: নওপাড়া শিমুলিয়া 

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।