প্রিয়জন: "আইএসআইএলকে আমেরিকা সৃষ্টি করেছে"
বন্ধুরা, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা নিয়মিত এ আসরে আমাদের সঙ্গ দেন তারা জানেন যে, আসরের শুরুতেই আমরা একটি হাদিস পাঠ করি। আজও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আজকের হাদিসটি হচ্ছে- ইমাম হাসান (আ.) বলেছেন, “অনর্থক- অতিরিক্ত ঠাট্টা মস্করা মানুষের ব্যক্তিত্বকে নষ্ট করে দেয়। অন্যদিকে নীরবতা মানুষের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে।”
মূল্যবান একটি হাদিস। এবারে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের শুরুতেই হাতে তুলে নিচ্ছি বাংলাদেশের একটি চিঠি। আর এটি এসেছে নওঁগা জেলার ধামইর হাট থানার ধামইর হাট গ্রাম থেকে। আর এটি লিখেছেন রেডিও তেহরানের পাঠক ভাই মো বদিউল আলম। তিনি প্রশ্ন দিয়ে তার চিঠি শুরু করেছেন। আর তার প্রশ্নটি হলো, বহলুল ভাই আপনি কবি নজরুল ইসলামকে ভালোবাসেন তাই না?
এরপর থেমে যান নি এ ভাই। নিজেই বলেছেন, আমিও কবি নজরুল ইসলামকে ভালবাসি।
নজরুলের ইসলামী গান রেডিও তেহরান নিয়মিত প্রচার করে। তাই হয়ত এ প্রশ্ন করেছেন তিনি। আর বহলুল ভাই আজকের আসরে নেই। তাই তিনি জবাব দিতে পারছেন না। তবে তিনি যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ নেই।
যাই হোক এ ভাই তার চিঠিতে আরো লিখেছেন আইএসআইএলকে সৃষ্টিকারী আমেরিকা এবং কিছু মুসলিম নামধারী শয়তানি চক্র মুসলিম দুনিয়াকে ধ্বংস করার চক্রান্তে মেতে উঠেছে। এ সব শয়তানি চক্র বুঝতে পারছে না যে এই আমেরিকাই একদিন তাদেরও ধ্বংস করবে। আর শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইলকে রক্ষা করতে আমেরিকা ও ইউরোপ এ খেলা খেলছে।
এ ভাই আরো লিখেছেন, আমি একজন সুন্নি মুসলমান। তারপরও আইএসআইএলকে মুসলমান জাহানের শত্রু হিসেবে বিবেচনা করি এবং ঘৃণা করি। এই গোষ্ঠী মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করছে। রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্ব সংবাদের কোনো তুলনা হয় না এ কথা উল্লেখ করে তিনি আরো লিখেছেন, এ খবর মানুষকে শত্রু-মিত্র চিনতে সাহায্য করে।
ভাই বদিউল আলম, চমৎকার চিঠির জন্য ধন্যবাদ। আর চিঠি লেখা অব্যাহত রাখবেন বলে আশা করছি। এবারে হাতে নিয়েছি ভারতের একটি চিঠি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ছাতুমারা গ্রাম থেকে এ চিঠিটি লিখেছেন ভাই সাব্বির আহম্মেদ। তিনি লিখেছেন, গরমকাল আসলেই রেডিও তেহরান শুনতে মাঝেমাঝে অসুবিধা হয়। বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে এরকম হয়। এর প্রতিকার হওয়া উচিত।
জ্বি আমরাও মনে করি এর প্রতিকার হওয়া উচিত। তবে এ লক্ষ্যেই রেডিও তেহরান অনেক দিন থেকেই ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। আবহাওয়ার কারণে সেখানে অনুষ্ঠান শুনতে সাধারণ ভাবে সমস্যা হয় না। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের অনেক স্থানেই ইন্টারনেট আজকাল আর দুর্লভ নয় বা ব্যয়বহুলও নয়। তাই সম্ভব হলে আপনারা ইন্টারনেটে রেডিও তেহরান শোনা শুরু করে দেন।
ভাই সাব্বির আহম্মেদ আরো লিখেছেন, রেডিও তেহরানের পাঠক ভাই বোনেরা আজকাল আগের তুলনায় কম চিঠি লিখছেন যা মোটেও ভাল লাগছে না। তাই সবার উচিত নিয়মিত চিঠি লেখা।
আপনার এ আহ্বান সবার ভালো লাগবেই সে কথা জোর দিয়ে বলা যায়। তবে চিঠির প্রচলন কমে গেছে তাই হয়তো তা আর বাড়বে না। কিন্তু যোগাযোগের অন্যান্য মাধ্যম ফেসবুক, ভাইবার বা টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ বাড়াতে পারেন। আর ইমেইল তো রয়েই গেছে।
চিঠির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখবেন আশা করছি।
এবারে আমরা হাতে তুলে নিচ্ছি বাংলাদেশ থেকে আসা একটি চিঠি। আর এটি এসেছে রাজধানী ঢাকার বংশাল রোডের আইটি ইন্টারন্যাশনাল ক্লাব থেকে। এ চিঠিটি লিখেছেন এ ক্লাবের সভাপতি কে এইচ হক। এ ভাই লিখেছেন, রেডিও তেহরানের সূচনা পর্বে যারা এর সঙ্গে কাজ করেছেন তারা কেউ কি এখনো আছেন?
না ভাই তারা কেউ আর এখন রেডিও তেহরানের সঙ্গে সরাসরি নেই। ৩৫ বছর একটি মিডিয়ার জন্য অনেক সময়। এ সময়ে মানুষের পরিবর্তন হওয়াই স্বাভাবিক নয় কি! চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরো চিঠি লিখবেন আশা করছি। এবারে পার্সটুডের খবরে বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে নজর দেবো।
আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত: বলেছেন ব্লেয়ার- এই শিরোনামের খবরটি প্রকাশিত হয়েছে, ২৫ মে। এতে বলা হয়েছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, সৌদি আরবের কথিত শান্তি উদ্যোগ যদি ইসরাইল মেনে নেয় তবে আরব দেশগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে। ব্লেয়ারের বরাত ইহুদিবাদী ইসরাইলের দৈনিক হারেতজ দিয়ে এ খবর দিয়েছে। আর এ খবরটি স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। হুমায়ুন কবির এতে মন্তব্য করেছেন-
মিশরের প্রেসিডেন্ট সিসি ইসরাইলের পোষ্য আর সৌদি আরব হলো ইঙ্গ-মার্কিন দালাল। কাজেই তাদের কাজ থেকে আর ভালো কি প্রত্যাশা করা যায়! এদিকে নিয়মিত মন্তব্যকারী ভাই মহম্মদ ঘোরী শাহ লিখেছেন
ব্লেয়ার যে আমেরিকার যথার্থ পদলেহনকারি তিনি আবারো প্রমাণ দিলেন এই প্রচেষ্টার মাধ্যমে। ইসরাইলের সঙ্গে আরবদের সম্পর্ক তখনই স্বাভাবিক হওয়া সম্ভব যখন ইসরাইল অধিকৃত ফিলিস্তিন থেকে নিজেকে সরিয়ে নেবে এবং ফিলিস্তিনীদের আত্মনিয়ন্ত্রনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে। এটা জেনেও আরবদের উপর কুটনৈতিক চাপ সৃষ্টির প্রয়াস চালাচ্ছেন ব্লেয়ার সাহেব ।
মন্তব্যের জন্য আপনাদেরকে ধন্যবাদ। এদিকে আসরের সময় কিন্তু শেষ হয়ে এসেছে। তো ভাই বোনেরা সবাই ভাল থাকবেন, নিয়মিত চিঠি দেবেন এবং মন্তব্য করবেন এ কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। #