লাতাকিয়ায় হামলা
ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়া
-
লাতাকিয়া বন্দরে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী সেই হামলা প্রতিহত করেছে। লাতাকিয়া হচ্ছে সিরিয়ায় সবচেয়ে বড় বন্দরনগরী।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার রাতের প্রথম প্রহরে ইসরাইলি বাহিনী এই হামলা চালায়।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, এই হামলায় সিরিয়ার পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পরিষ্কার নয়, তবে সানা জানিয়েছে লাতাকিয়া বন্দরে থাকা বেশ কিছুসংখ্যক কন্টেইনারে আগুন ধরে যায়। গত ২০ দিন আগে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী লাতাকিয়া বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
ইসরাইল এবং সিরিয়া টেকনিক্যালি যুদ্ধাবস্থায় রয়েছে। ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার গোলান মালভূমির বিরাট অংশ দখল করে নেয়। এরপর আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করে নি।
গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইল বড় রকমের সেনা উপস্থিতি বজায় রেখেছে। ১৯৬৭ সালে গোলান দখলের পর ১৯৮১ সালে তা ইসরাইলের সঙ্গে একীভূত করে নেয়। তবে আন্তর্জাতিক সমাজে এখন পর্যন্ত গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে স্বীকার করে নি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।#
পার্সটুডে/এসআইবি/২৮