২ ফিলিস্তিনির শাহাদাতের প্রতিক্রিয়া
ইসরাইলি অপরাধযজ্ঞ বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না: ইসলামি জিহাদ
-
একজন শহীদ ফিলিস্তিনি যুবকের মরদেহের পাশে একজন স্বজনের আহাজারি (ফাইল ছবি)
ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় দুই ফিলিস্তিনির শাহাদাতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামি জিহাদ আন্দোলন। জর্দান নদীর পশ্চিম তীরে জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক ইজ্জাদ্দিন এক বিবৃতিতে বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদীদের অপরাধযজ্ঞ বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।
তিনি দুই শহীদ ফিলিস্তিনির পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দখলদার ও বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধ যুদ্ধ বিশেষ করে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে।
জিহাদ আন্দোলনের মুখপাত্র আরো বলেন, ইসরাইলিদের এই অপরাধযজ্ঞের স্বরূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, পশ্চিম তীরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং ইহুদিবাদীদের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় থেকে প্রমাণিত হয়, মুক্তিকামী এ জাতি তাদের মাতৃভূমি দখলমুক্ত করার সংগ্রাম থেকে সরে দাঁড়াবে না।
এর আগে বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের পাশবিক গুলিবর্ষণে ২১ বছর বয়সি ফিলিস্তিনি যুবক বাকির হাশশাষ নিহত হন। এছাড়া একই দিন পশ্চিম তীরের সাফা গ্রাম থেকে কর্মস্থলে যাচ্ছিলেন ২৫ বছর বয়সি যুবক মুস্তফা ইয়াসিন। এ সময় বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা গাড়িচাপা দিয়ে ইয়াসিনকে হত্যা করে।#
পার্সটুডে/এমএমআই/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।