ইয়েমেনে সৌদি বিমান হামলা চলছেই
এখনো রক্ষা পাচ্ছে না হাসপাতাল ও আবাসিক এলাকা
-
ইয়েমেনে ডক্টরস উইদাউট বর্ডার্সের হাসপাতালে সৌদি জোটের বিমান হামলা (ফাই ফটো)
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনের সানা ও হুদাইদা প্রদেশের আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়।
আজ (বৃহস্পতিবার) সকালে ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি জোটের যুদ্ধবিমান সানার সানহান জেলার কিছু এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এতে সেখানকার একটি হাসপাতালের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়। হামলায় হাসপাতালের চারজন কর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
আল-মাসিরাহ টেলিভিশনের আরেকটি রিপোর্টে জানানো হয়েছে, হুদাইদার আল-গাররাহি জেলায় একই ধরনের বিমান হামলায় দুই ইয়েমেনি নিহত হয়।
বেশ কয়েকটি পশ্চিমা দেশের অস্ত্র ও রসদ সহায়তা নিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের ওপর ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব এবং তার কয়েকটি মিত্র দেশ। এতে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে দারিদ্রপীড়িত এই দেশটি।
সম্প্রতি জাতিসংঘের একজন ত্রাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিশ্ব সংস্থার পক্ষ থেকে চলতি বছর এক কোটি ৬০ লাখ ইয়েমেনিকে সহায়তা করতে প্রায় ৩৯০ কোটি ডলার প্রয়োজন হবে।#
পার্সটুডে/এসআইবি/১৩