হুথি আনসারুল্লাহর ‘আন্তর্জাতিক ফাইনান্স নেটওয়ার্কে’ নিষেধাজ্ঞা দিল আমেরিকা
-
সৌদি জোটের আগ্রাসনে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন
ইয়েমেনের হুথি আন্দোলনের আন্তর্জাতিক কথিত ফাইন্যান্স নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বর্বরতার জবাবে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর যে হামলা চালাচ্ছে তার কারণেই মূলত আমেরিকা দিল।
আজ (বৃহস্পতিবার) মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর এক বিবৃতিতে দাবি করেছে, সাঈদ আল-জামাল নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি কমপ্লেক্স ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক আনসারুল্লাহ আন্দোলনকে কোটি কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে। এসব অর্থ আমেরিকার মিত্র দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য আনসারুল্লাহ আন্দোলন খরচ করেছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে আনসারুল্লাহ আন্দোলনের ফাইন্যান্স নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত এবং সুইডেনভিত্তিক একজন ব্যবসায়ী ও তার কোম্পানি এবং তুরস্ক ও ইয়েমেনে অবস্থিত কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ এই নিষেধাজ্ঞার আওতায় আসবে।
আমেরিকার পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আরোপের ফলে ইয়েমেনের সঙ্গে আমেরিকার কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্য এবং আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে কোন রকমের আর্থিক লেনদেন করতে পারবে না। এছাড়া, নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ জব্দ করতে পারবে মার্কিন সরকার।
নিষেধাজ্ঞা আরোপের ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে রক্ষার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ। এসব দেশে হাজার হাজার মার্কিন নাগরিক বসবাস করছেন, তাদের নিরাপত্তা দেয়াও ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার আগে থেকেই আন্তর্জাতিক বহু সংস্থা এবং মানবাধিকার সংগঠন হুঁশিয়ারি উচ্চারণ করে আসছে যে, মানবিক বিপর্যয়ের মুখে থাকা ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে তাতে দেশটির পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের আগ্রাসনে এরইমধ্যে ইয়েমেনের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।