গত ১৬ বছরে ২০৭৯ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরাইল
অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ২০০০ সাল থেকে ই্হুদিবাদী ইসরাইলি সেনাদের হামলায় প্রায় ২,১০০ জন ফিলিস্তিনি শিশু নিহত এবং আরো বহু আহত হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক নতুন প্রতিবেদনে জানিয়েছে।
ফিলিস্তিনি তথ্যমন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গত ১৬ বছর থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনাদের হামলায় ২০৭৯ ফিলিস্তিনি শিশু নিহত এবং প্রায় ১৩,০০০ জন আহত হয়েছে।
এছাড়া, এ সময় প্রায় ১২,০০০ ফিলিস্তিনি শিশুকে ইসরাইলি কর্তৃপক্ষ আটক করেছে এবং বর্তমানে ৪২০ জন ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এদিকে, ইসরাইলি বাহিনী অধিকৃত জেরুজালেম খ্যাত আল-কুদসের বিভিন্ন অংশে আলাদা অভিযান চালিয়ে দুই ডজনের বেশি বেসামরিক ফিলিস্তিনিকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
নাম প্রকাশে অনেচ্ছুক ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি সেনারা আজ (বুধবার) ভোরে পুরাতন কুদস শহরের পূর্ব অংশে আত-তূর এলাকায় এবং পূর্ব আল কুদসের ওয়াদি আল জোজের পাশাপাশি সাওয়ানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ ফিলিস্তিনিকে আটক করেছে। এদের মধ্যে বহু কিশোরও রয়েছে।
এছাড়া, অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর থেকে ইসরাইলি বাহিনী আরো ১৪ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে।
এছাড়া, প্যালেস্টিনিয়ান পিজনার্স সেন্টার ফর স্টাডিস বা পিপিসিএস’র মুখপাত্র রিয়াদ আল -আসকার গত ২৭ মে জানিয়েছেন, গত জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত ইসরাইলি কর্তৃপক্ষ কথিত প্রশাসনিক আটকাদেশের অধীনে ৭২৯ ফিলিস্তিনিকে আটক করেছে।#
পার্সটুডে/ বাবুল আখতার/১