আহত আরেক ফিলিস্তিনিকে হত্যা করেছিল ইসরাইলি সেনারা
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত আল -খলিল (হেবরন) শহরে গত মার্চ মাসে আরেক আহত ফিলিস্তিনিকে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করেছিল বলে খবর পাওয়া গেছে। ইসরাইলের একটি শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে।
গত ২৪ মার্চ ইসরাইলি সেনাবাহিনীর সার্জেন্ট ইলোর আজারিয়া আহত ফিলিস্তিনি আব্দুল ফাতাহ আল শরিফকে হত্যা করার একই সময় ওই হত্যাকাণ্ড ঘটেছিল বলে গতকাল (সোমবার) বি’সেলেম মানবাধিকার সংস্থা জানিয়েছে।
ইসরাইলি সেনাদের হামলায় এর আগে আহত হওয়া শরিফের মাথায় গুলি করে হত্যা করে সার্জেন্ট আজারিয়া। আহত অবস্থায় তিনি ইসরাইলিদের ওপর ছুরিকাঘাত করার চেষ্টা করলে তাকে হত্যা করা হয় বলে ইসরাইলি সেনারা দাবি করেছে।
শরিফের সঙ্গে হামলায় অংশ নেয়া আরেক ফিলিস্তিনি রামজি আল-কাসরাবি ইসরাইলি বাহিনীর হামলায় আহত হয়ে মারা গেছেন বলে এতদিন বিশ্বাস করা হচ্ছিল। তবে বি’সেলেম জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের দুই জন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে তারা প্রমাণ পেয়েছেন যে, কাসরাবিকেও ইসরাইলি সেনারা আহত করেছিল এবং পরে শরিফের মতো একই কায়দায় তাকে হত্যা করা হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৭