ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করে নিতে হবে: ইসরাইলি মন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i11581-ফিলিস্তিনের_পশ্চিম_তীর_দখল_করে_নিতে_হবে_ইসরাইলি_মন্ত্রী
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে সরিয়ে এর অর্ধেকেরও বেশি এলাকা তেল আবিবের সরকারকে দখল করে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৬ ১৫:১৯ Asia/Dhaka
  • উরি এরিয়েল
    উরি এরিয়েল

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে সরিয়ে এর অর্ধেকেরও বেশি এলাকা তেল আবিবের সরকারকে দখল করে নিতে হবে বলে মন্তব্য করেছেন ইহুদিবাদী ইসরাইলের একজন মন্ত্রী।

গতকাল (বুধবার) ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মস্কো সফরত দেশটির কৃষি এবং গ্রামীন উন্নয়ন বিষয়ক মন্ত্রী উরি এরিয়েল এই মন্তব্য করেন।

তিনি বলেন, 'আমাদেরকে পশ্চিম তীরের 'সি' এলাকা দখল করে নিতে হবে।কারন এখানে কোনো আরব বসবাস করে না। সংখ্যায় কম থাকায় এখান থেকে প্রয়োজনে কয়েক হাজার ফিলিস্তিনিকে আমরা সরিয়ে নিতে পারি।'

অধিকৃত পশ্চিম তীরের ৬০ ভাগ ভূখণ্ড 'সি' এলাকা হিসেবে পরিচিত।এখানে রয়েছে ৩,৩০,০০০ হেক্টর ভূমি। জাতিসংঘের তথ্য অনুসারে, ৩০০,০০০ ফিলিস্তিনির বসবাস সত্ত্বেও এই এলাকাটি ইসরাইলি সেনারা জবরদখল করে রেখেছে। তবে এখানে ৫০,০০০ ফিলিস্তিনি বসবাস করছে বলে ইসরাইল দাবি করেছে।

ইসরাইলের নেসেটের উগ্রবাদী সদস্য এরিয়েল প্রায় সময়ই পশ্চিম তীরের 'সি' এলাকা দখল করে নেয়ার হুমকি দিচ্ছেন। এলাকাটি পুরোপুরি দখল করে নিতে এর আগে গত জানুয়ারিতে তিনি ইসরাইল সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছিলেন।#

 

পার্সটুডে/ বাবুল আখতার/৯