মসুলের কাছে একটি গ্রাম পুনর্দখলে নিয়েছে ইরাকি সেনাবাহিনী
ইরাকি সেনাবাহিনী তাকফিরি দায়েশ নিয়ন্ত্রিত মসুলের দক্ষিণে একটি গ্রাম পুনর্দখলে নিয়েছে। দায়েশের বিরুদ্ধে যখন দেশটির সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে তখন এই সাফল্যের খবর এলো।
নিনেভাহ অপারেশন কমান্ড আজ (রোববার) এক বিবৃতিতে জানিয়েছে, ইরাকি সেনাবাহিনী ট্যাংক এবং ভারী সামরিক যান ব্যবহারের মাধ্যমে টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত খারাইব জাবর গ্রামটি দায়েশের কাছ থেকে পুনর্দখলে নিয়েছে। মসুলের দক্ষিণ উপকণ্ঠের কাছে অবস্থিত গ্রামটি ২০১৪ সাল থেকে তাকফিরি দায়েশ দখল করে রেখেছে।
ইরাকি সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে তাকফিরি দায়েশের অন্তত ২৫ সন্ত্রাসী নিহত হওয়ার পাশাপাশি বোমা বোঝাই চারটি গাড়ি ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। সেনাবাহিনী এখন মসুলের ৬০ কিলোমিটার দক্ষিণে হাজ আলী গ্রামের দিকে অগ্রসর হচ্ছে বলে অভিযানে অংশ নেয়া কয়েক জন সামরিক কর্মকর্তা জানিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১২