সিরিয় সরকারের ওপর হামলা চালাতে আবারো সৌদির আবেদন
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের ওপর সামরিক হামলা চালানোর জন্য আমেরিকার প্রতি আবারো আহ্বান জানিয়েছে সৌদি আরব। আমেরিকার অন্তত ৫১ জন কূটনীতিক যখন সিরিয়া সরকারের ওপর হামলার জন্য মার্কিন সরকারের কাছে গোপন চিঠি দিয়েছে বলে খবর বের হয়েছে তখন সৌদি আরব নতুন করে একই আহ্বান জানালো।
ওয়াশিংটনে সৌদি দূতাবাসে এক প্রেস ব্রিফিংয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, সামরিক হামলার মাধ্যমে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের জন্য সৌদি আরবের রাজতান্ত্রিক সরকার দীর্ঘদিন ধরে আমেরিকার প্রতি আহ্বান জানিয়ে আসছে। তিনি আরো বলেন, সিরিয়া সংকট শুরুর প্রথম থেকেই সৌদি আরব সামরিক হামলা, নো ফ্লাই জোন প্রতিষ্ঠা, সেফ জোন প্রতিষ্ঠা এমনকি নো-ড্রাইভ জোন প্রতিষ্ঠার কথা বলেছে।
আদেল আল-জুবায়ের তার ভাষায় বলেন, সৌদি আরব বহুবার বলেছে, সিরিয়ার মধ্যপন্থি গেরিলাদেরকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেয়া উচিত। এছাড়া, মার্কিন নেতৃত্বাধীন যেকোনো স্থল অভিযানে সৌদি সেনা অংশ নেবে এবং এজন্য সৌদি সেনা মোতায়েনের কথা বলেছে রিয়াদ। সিরিয়ার সরকারি বাহিনী যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ও আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে একের পর বিজয় অর্জন করে চলেছে তখন সৌদি আরব ও মার্কিন কূটনীতিকরা সিরিয়ার ওপর হামলার চালানোর জোরালো আবেদন জানাচ্ছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮