প্রতিশোধের অঙ্গীকার করলো হামাস
পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে দুই ফিলিস্তিনি শহীদ
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের পূর্বাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের আগ্রাসনে দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হওয়ার পর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
গতকাল পশ্চিম তীরের আকাবাত জাবের শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের আগ্রাসনে ওই দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হন। আজ (বুধবার) সকালে এক বিবৃতিতে হামাস মুখপাত্র আব্দুল লতিফ আল-কানুওয়া বলেছেন, এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলি শত্রুদেরকে বড় রকমের মূল্য দিতে হবে। তিনি বলেন, এই দুই ফিলিস্তিনি তরুণকে হত্যার মধ্যদিয়ে ইহুদিবাদী ইসরাইল তার অপরাধের নতুন রেকর্ড সৃষ্টি করলো। এই অপরাধযজ্ঞের জন্য দখলদার ইহুদিবাদীদেরকে অবশ্যই মূল্য দিতে হবে। গতকাল সকালের দিকে ইসরাইলি সেনারা কয়েক ডজন গাড়ি নিয়ে আকাবাত জাবের শরণার্থী শিবিরে আগ্রাসন চালায়। একপর্যায়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হন।#
পার্সটুডে/এসআইবি/১৬