ইরাকের উত্তরাঞ্চলে নতুন করে সাফল্য পেল সেনাবাহিনী
-
ইরাকি সেনাবাহিনীর দায়েশ বিরোধী অভিযান ( ফাইল ফটো)
ইরাকের উত্তরঞ্চলীয় নেইনাভাহ প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে অভিযানে দেশটির সেনাবাহিনী নতুন করে আরো সাফল্য পেয়েছে বলে খবর পাওয়া গেছে।
ইরাকি সেনাবাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কায়ারায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। সেখানে একটি বিমান ঘাঁটিও রয়েছে। এর ফলে দায়েশের স্বঘোষিত রাজধানী মসুল শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ওই এলাকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
২০১৪ সালে তাকফিরি দায়েশ মসুল শহরটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে সন্ত্রাসীরা সেখানে বিভিন্ন ধরণের পাশবিকতা চালিয়ে আসছে। তাকফিরি দায়েশের কাছ থেকে মসুল শহর মুক্ত করা এখন সময়ের ব্যাপার বলে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল- আবাদি জানিয়েছেন।
এদিকে, ইরাকের রাজধানী বাগদাদের ৮৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত আনবার প্রদেশের খালদিয়া শহরে দায়েশের চারটি অবস্থানে ইরাকি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসব হামলায় অজ্ঞাত সংখ্যক সন্ত্রাসী নিহত বা আহত হওয়ার পাশাপাশি তিনটি গাড়ি ধ্বংস হয়।
এছাড়া, ইরাকি সেনাবাহিনী রাজধানী বাগদাদের ৬৯ কিলোমিটার পশ্চিমে ফালুজার দক্ষিণ অংশের আজারেবিয়া এবং আল-হাসি এলাকায় দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩