ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদির ১১ ভাড়াটে সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i13030-ইয়েমেনি_বাহিনীর_হামলায়_সৌদির_১১_ভাড়াটে_সেনা_নিহত
ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় দেশটির সাবেক সরকারের অনুগত বাহিনীর আরো প্রায় এক ডজন সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৬ ১১:৫৭ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর হামলায় সৌদির ১১  ভাড়াটে সেনা নিহত

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় দেশটির সাবেক সরকারের অনুগত বাহিনীর আরো প্রায় এক ডজন সেনা নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র জানিয়েছে, সৌদি আরবের ভাড়াটে সেনারা গতকাল (শনিবার) জওফ প্রদেশের আল -ঘায়ল এলাকা নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করলে ইয়েমেন বাহিনীর পাল্টা প্রতিরোধে ১১ সেনা নিহত হয় বলে আল -মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। হামলায় আরো ১০ জন আহত হয়। ইয়েমেনি সেনাবাহিনী পরবর্তীতে ভাড়াটে সাত সেনার লাশ উদ্ধার করে।পালিয়ে যাওয়ার সময় এসব হতভাগ্যদের লাশ ফেলে রেখে গিয়েছিল সৌদির ভাড়াটে সেনারা।

এর কয়েক ঘন্টা পর ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনী দেশটির মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের কফেল এলাকায় এক ঝাঁক রকেট নিক্ষেপ করে ।এতে সৌদি বাহিনীর সামরিক কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ খালফান বালহিদ নিহত হয় বলে খবর পাওয়া গেছে। এছাড়া, ইয়েমেনের সানা প্রদেশের আতিয়াল এলাকার ওপর সৌদি জঙ্গি বিমান বোমা বর্ষণ করলে পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়।

গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর হামলা শুরু করে। সৌদি সরকার তার পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দুরাব্বু হাদিকে ইয়েমেনি জাতির ওপর চাপিয়ে দিতে চাইলেও দেশটির বেশিরভাগ দল ও বিপ্লবী সরকার তা মেনে নিতে অস্বীকার করে আসছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় কয়েক হাজার নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৯ হাজার বেসামরিক ইয়েমেনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক গুণ। #

 

পার্সটুডে/বাবুল আখতার/২৬