গাজার যোদ্ধাদের প্রতি সমর্থন
ইসরাইলের স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালালো ইয়েমেনের সামরিক বাহিনী
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধকারী যোদ্ধাদের প্রতি সমর্থন জানানোর জন্য ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, তারা একসঙ্গে বহুসংখ্যক ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে।
ড্রোন দিয়ে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে হামলার এই খবর দিয়েছে হুথি সরকার নিয়ন্ত্রিত আরবি ভাষা টেলিভিশন চ্যানেল আল-মাসিরা।
ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ড্রোন হামলার কারণে ইসরাইলের বেশ কিছু সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে।
ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যতক্ষণ পর্যন্ত ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সমর্থন জানিয়ে এবং ইয়েমেনের জনগণের দাবি পূরণ করতে ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থানে হামলা অব্যাহত থাকবে।
এর আগেও ইয়েমেনের পক্ষ থেকে ইসরাইলের ওপর কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। অবশ্য লোহিত সাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ থেকে কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে খবর বেরিয়েছে। এছাড়া সৌদি আরবও ইয়েমেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানা গেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞ এবং পবিত্র আল-আকসা মসজিদের অবমাননার প্রতিবাদে ইসরাইলের ভেতরে নজিরবিহীন সফল অভিযান চালায়। এরপর থেকে ইসরাইল গাজা উপত্যকার ওপর নির্বিচারে টানা একমাস ধরে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত ১০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।