ইরান ও সিরিয়ার ঐক্যবদ্ধ অবস্থান
‘গাজায় ইসরাইলি গণহত্যা এখনই বন্ধ করতে হবে’
-
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ইরান এবং সিরিয়া একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। অনতিবিলম্বে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ করা জরুরি বলেও মনে করে দুই দেশ।
গতকাল (সোমবার) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনে ইহুদিবাদ ইসরাইলের বর্বর আগ্রাসনের বিষয়ে ইরান যে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে তাতে যোগ দিতে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফর করছেন।
বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান এবং দামেস্ক আঞ্চলিক ইস্যুগুলোতে একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করছে এবং ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। সিরিয়ার অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও নিরাপত্তায় আমির আবদুল্লাহিয়ান সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পুরো দেশের ওপর সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতি ইরানের সমর্থন রয়েছে।
ফিলিস্তিন ইস্যুতে তেহরানে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করায় ইরানের বিশেষ প্রশংসা করেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিন ইস্যুতে যে দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তার সাথে সিরিয়া সম্পূর্ণভাবে একমত। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিজয় প্রকৃতপক্ষে মুসলিম উম্মাহ এবং আরব বিশ্বের বিজয় বলে বিবেচিত হবে।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।