যুদ্ধের বিস্তার গোটা অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে: লেবাননের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i133046-যুদ্ধের_বিস্তার_গোটা_অঞ্চলে_বিস্ফোরণ_ঘটাবে_লেবাননের_প্রধানমন্ত্রী
দক্ষিণ লেবাননে যুদ্ধের বিস্তার ঘটলে গোটা অঞ্চলে ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৪ ০৬:৫৬ Asia/Dhaka
  • যুদ্ধের বিস্তার গোটা অঞ্চলে বিস্ফোরণ ঘটাবে: লেবাননের প্রধানমন্ত্রী

দক্ষিণ লেবাননে যুদ্ধের বিস্তার ঘটলে গোটা অঞ্চলে ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

দক্ষিণ লেবানন সীমান্তে যখন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে গোলাগুলি বিনিময় চলছে তখন তিনি এ হুঁশিয়ারি দিলেন।

মিকাতি গতকাল (শনিবার) বৈরুত সফররত ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন। হিজবুল্লাহ ইসরাইলের একটি নজরদারি বিমানঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কয়েক ঘণ্টা পর বোরেল-মিকাতি বৈঠক অনুষ্ঠিত হয়।

৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর আল-আকসা তুফান অভিযানের জের ধরে গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর এটি ছিল হিজবুল্লাহ যোদ্ধাদের সবচেয়ে শক্তিশালী ইসরাইল-বিরোধী হামলা। বৈরুতে ইসরাইলি ড্রোন হামলায় হামাসের ডেপুটি পলিটব্যুরো প্রধান সলেহ আল-আরুরির হত্যাকাণ্ডের জবাব দিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

বোরেলের সঙ্গে বৈঠকে মিকাতি আরো বলেন, লেবানন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। ওই প্রস্তাবে লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইলি হামলা বন্ধ করার এবং লেবাননের দখলীকৃত এলাকাগুলো থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করতে বলা হয়েছে।  নাজিব মিকাতি ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিয়ে ফিলিস্তিন সংকটের একটি ন্যায়সঙ্গত সমাধান করার আহ্বান জানান। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।