নেতানিয়াহু এখনই ক্ষমতা ছাড়: ইসরাইলি গণ-বিক্ষোভের দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i133048-নেতানিয়াহু_এখনই_ক্ষমতা_ছাড়_ইসরাইলি_গণ_বিক্ষোভের_দাবি
গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে আটক ইসরাইলি বন্দিদের জীবিত উদ্ধার করার দাবিতে গতরাতে রাজধানী তেল আবিবসহ ইসরাইল জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৪ ০৭:২৯ Asia/Dhaka
  • নেতানিয়াহু এখনই ক্ষমতা ছাড়: ইসরাইলি গণ-বিক্ষোভের দাবি

গাজা উপত্যকার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে আটক ইসরাইলি বন্দিদের জীবিত উদ্ধার করার দাবিতে গতরাতে রাজধানী তেল আবিবসহ ইসরাইল জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা এই মুহূর্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পতন এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে শনিবার রাতে তেল আবিবের ‘পণবন্দি’ স্কয়ারে হাজার হাজার মানুষ সমবেত হন। বিক্ষোভে গত ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে আটক ইসরাইলি বন্দিদের স্বজনরাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ওই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে তেল আবিব থেকে আল-জাজিরার সংবাদদাতা জানান, নেতানিয়াহু সরকারের পতন ও গাজা যুদ্ধ বন্ধের যে দাবি তোলা হয়েছে তা নজিরবিহীন ঘটনা। কারণ, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভকারীরা পর্যন্ত এ বিষয়ে একমত ছিল যে, যখন গাজায় যুদ্ধ চলছে এবং সেখানে পণবন্দিরা আটক রয়েছে তখন ইসরাইলে ঐক্য বজায় রাখতে হবে।

ওই সংবাদদাতা আরা জানান, বিগত সপ্তাহগুলোতে তেল আবিবের বিক্ষোভে কয়েক ডজন থেকে শুরু করে কয়েকশ’ মানুষ সমবেত হতো। কিন্তু গতরাতের বিক্ষোভে কয়েক হাজার মানুষ জড়ো হয়।  বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ‘শেম শেম’ বা ‘লজ্জা লজ্জা’ বলে স্লোগান দেন। তারা ৭ অক্টোবরের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেন।

জর্দান নদীর পশ্চিম তীরের জেরুজালের শহরেও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের বাসভবনের সামনে বিপুল সংখ্যক ইসরাইলি সমাবেশ করেন। তারা গাজায় এখনও আটক শতাধিক ইসরাইলি ‘পণবন্দি’কে মুক্ত করে আনার দাবি জানান। ইসরাইলের অন্যান্য শহরেও শনিবার রাতে একই ধরনের বিক্ষোভ হয়েছে বলে খবর পাওয়া গেছে। #

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।