নিহত একজনকে নিজেদের যোদ্ধা বলে জানিয়েছে হিজবুল্লাহ
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা জোরদার: নিহত ৪
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর অবস্থানে বিমান হামলা জোরদার করেছে ইহুদিবাদী ইসরাইল। গাজায় ইসরাইলের চলমান গণহত্যাকে কেন্দ্র করে গত অক্টোবর মাস থেকে লেবানন-ইসরাইল সীমান্ত উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী এক এক্স বার্তায় জানিয়েছে, “ইসরাইলি যুদ্ধবিমানগুলো লেবাননে বড় ধরনের হামলা চালাতে শুরু করেছে।” প্রাথমিক রিপোর্টে জানা গেছে, দখলদার সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে প্রদেশের বেশ কিছু এলাকায় আগ্রাসন চালিয়েছে।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, এসব হামলায় অন্তত ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। নাবাতিয়ে প্রদেশের সুয়ানে ও আদশিত শহরে চালানো হামলায় এসব মানুষ হতাহত হয়। সুয়ানে শহরে ইসরাইলি বিমান হামলায় এক নারী তার দুই সন্তানসহ নিহত এবং আদশিত শহরে অপর এক লেবাননি নাগরিক শহীদ হয়েছেন।
নিহত ব্যক্তিকে নিজেদের যোদ্ধা বলে জানিয়েছে হিজবুল্লাহ। ২৬ বছর বয়সি যোদ্ধা হাসান আলী নাজম গত অক্টোবর থেকে আল-আকসা দখলমুক্ত করার লক্ষ্যে ইসরাইলের বিরুদ্ধে জিহাদ করে যাচ্ছিলেন।
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেল আবিব এমন এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যা লেবানন ও হিজবুল্লাহ উভয়ের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।”
তবে ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার লেবানন-ইসরাইল সীমান্তকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বলে বিভিন্ন রিপোর্টে জানা গেছে।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।