মোট নিহত ৫৭৬
গাজায় ইসরাইলের আরো এক সেনা নিহত, ভয়াবহ যুদ্ধ চলছে যেইতুন শহরে
-
ইসরাইলি সেনা (ফাইল ফটো)
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যেইতুন শহরে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজা উপত্যকায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের ২৩৭ জন সেনা নিহত হলো।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলের ভেতরে অভিযান চালায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। সেদিন থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের ৫৭৬ জন সেনা মারা গেছে।
ইসরাইলের সন্ত্রাসী বাহিনী আজ (বুধবার) ঘোষণা করেছে যে, গতকালের সংঘর্ষে এক সেনা নিহত হওয়ার পাশাপাশি তিন সেনা মারাত্মকভাবে আহত হয়। গতকাল যে সেনা নিহত হয়েছে তার নাম স্টাফ সার্জেন্ট আবরাহাম ওভাজেন। যে এলাকায় ইসরাইলের সেনা নিহত হয়েছে সেখানকার হামাসের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে বলে ইসরাইলি সামরিক বাহিনী এর আগে দাবি করেছিল।
এদিকে, গাজায় বন্দী থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভ সমাবেশ থেকে বন্দীদের স্বজনরা বলেছেন, তাদের প্রিয়জনদের অনতিবিলম্বে ফেরত আনতে হবে। তারা অভিযোগ করেন, ইসরাইলের মন্ত্রী ও অন্য কর্মকর্তাদের স্বজনরা যদি বন্দি থাকতো তাহলে তারা তাদের কষ্ট বুঝতে সক্ষম হতো।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।