ইসরাইলি হামলায় হানিয়ার ৩ ছেলে শহীদ
মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলোর নিন্দা ও সমবেদনা
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ার ছেলেদের ওপর ইসরাইলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হত্যার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধকামী সংগঠন এর কঠোর নিন্দা জানিয়েছে। পাশাপাশি হামাস নেতা ইসমাইল হানিয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে সংগঠনগুলো।
ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলন এই বর্বরতার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন, এটি যুদ্ধাপরাধ এবং বর্বর নাৎসিবাদী বাহিনীর পক্ষ থেকে চালানো গণহত্যা।
জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, "এই কাপুরুষোচিত হামলা নিশ্চিত করে যে, শত্রুরা গাজার মাটিতে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার ফলে বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং প্রতিরোধকামী যোদ্ধাদের সন্তানাদি ও পরিবারের সদস্যদের হত্যা করে প্রতিশোধ নিতে চায়। সংগঠনটি বলেছে, দখলদার শত্রুরা পরাজিত না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ যুদ্ধ চলতে থাকবে।
ফিলিস্তিনের মুজাহিদিন মুভমেন্ট এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের অপরাধযজ্ঞ প্রতিরোধকামী যোদ্ধাদের মনোবল ভাঙতে পারবে না এবং এই সমস্ত অপরাধ যুদ্ধক্ষেত্রে কোনো ছাড় আদায় করতেও পারবে না।
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ইসমাইল হানিয়াকে সমবেদনা জানিয়ে বলেছে, ইহুদিবাদীদের এই নৃশংসতা যুদ্ধক্ষেত্রে ইসরাইলি ব্যর্থতারই বহিঃপ্রকাশ।
এদিকে, পপুলার ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জামিল মেজার ফোনে হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে কথা বলেছেন। একইসাথে তিনি পপুলার ফ্রন্টের পক্ষ থেকে হামাসের প্রতি আনুগত্যের অঙ্গীকার করেন।
গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে ইসমাইল হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে শহীদ করে।#
পার্সটুডে/এসআইবি/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।