ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে সৌদি বাহিনী
দারিদ্রপীড়িত ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির অনুগত বাহিনীর সমর্থনে সৌদি জঙ্গি বিমান দেশটির বিভিন্ন অংশে বোমা বর্ষণ জোরদার করেছে বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে।
সৌদি জঙ্গি বিমান ইয়েমেনের মারিব প্রদেশের সিরওয়া এলাকার পূর্ব অংশে হাইলান পর্বতের পাদদেশে অবস্থিত রাহবা সায়িদ এবং হামা থাওয়াবা এলাকার ওপর অন্তত ১০ বার বোমা বর্ষণ করেছে বলে বৈরুত ভিত্তিক আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে।
তবে সৌদি বিমান হামলা সত্ত্বেও ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় কমিটি ওইসব এলাকায় হাদির অনুগত বাহিনীর হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে। এর কয়েক ঘন্টা আগে সিরওয়ার মাহজাযা এলাকায় সৌদি বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং আরো পাঁচ জন আহত হওয়ার পর নতুন করে এসব হামলা চালানো হল।
ইয়েমেনি বাহিনী আল-আসওয়াদ পর্বতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে সানার নিহম এলাকায় সৌদি জঙ্গি বিমান বোমা বর্ষণ করেছে। ইয়েমেনি বাহিনী সানার উত্তর-পূর্বাংশে নিহম এলাকার উপকণ্ঠে অবস্থিত আল- আসওয়াদ পর্বত নিয়ন্ত্রণ নেয়ার সময় হাদির অনুগত বহু সেনা নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৪