ইরান-বিরোধী সন্ত্রাসীদের সঙ্গে সাবেক সৌদি গোয়েন্দামন্ত্রীর বৈঠক
-
প্রিন্স তুর্কি আল-ফয়সাল
ইরান-বিরোধী সন্ত্রাসী মুনাফেকিন গোষ্ঠী এমকেও’র বার্ষিক বৈঠকে যোগ দিয়েছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দামন্ত্রী প্রিন্স তুর্কি আল-ফয়সাল। এর মধ্যদিয়ে ইরানের বিরুদ্ধে রাজতান্ত্রিক সৌদি আরবের শত্রুতামূলক ও যুদ্ধংদেহী মনোভাব আবারো পরিষ্কার হলো।
ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল (শনিবার) এমকেও’র বার্ষিক বৈঠকে প্রিন্স তুর্কি প্রায় ৩০ মিনিট বক্তব্য রাখেন। দীর্ঘদিন ধরে সৌদি আরব সন্ত্রাসীদের সমর্থন দিয়ে আসছে -এ বৈঠক তারই সর্বশেষ নজির।
এমকেও হচ্ছে ইরানের জনগণের কাছে সবচেয়ে ঘৃণিত সন্ত্রাসী সংগঠন কারণ এই মুনাফেকিন গোষ্ঠীর গুপ্তহত্যা ও বোমা হামলায় ইরানের হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। এ গোষ্ঠী ১৯৮০ সালের দিকে চলা ইরান-ইরাক যুদ্ধের সময় স্বৈরশাসক সাদ্দামের পক্ষে অবস্থান নিয়েছিল।
গতকালের বৈঠকে তুর্কি আল-ফয়সালের যোগ দেয়া প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “মুসলিম দেশগুলোতে সৌদি আরবের লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে রিয়াদ নানা ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করছে। সে কারণে তালেবান ও আল-কায়েদার গডফাদারদের জন্য দেউলিয়া হয়ে যাওয়া এমকেও’র সম্মেলনে যোগ দেয়া মোটেই অসম্ভব কিছু নয়।”
প্যারিস বৈঠকে তুর্কি আল-ফয়সাল সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, ইরান সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতায় তারা এমকেও’র পাশে শক্তভাবে থাকবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০