দায়েশকে পরাজিত করতে হলে ইরাকি জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে : জারিফ
https://parstoday.ir/bn/news/west_asia-i14173-দায়েশকে_পরাজিত_করতে_হলে_ইরাকি_জাতিকে_ঐক্যবদ্ধ_হতে_হবে_জারিফ
ইরাকের উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে পরাজিত করার লক্ষ্যে দেশটির বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০১৬ ১৩:৫৩ Asia/Dhaka
  • তেহরান সফরত ইরাকের ইসলামী সর্বোচ্চ কাউন্সিল বা আইএসসিআই’র প্রধান আম্মার হাকিমের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    তেহরান সফরত ইরাকের ইসলামী সর্বোচ্চ কাউন্সিল বা আইএসসিআই’র প্রধান আম্মার হাকিমের সঙ্গে বৈঠক করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরাকের উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে পরাজিত করার লক্ষ্যে দেশটির বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে শক্তিশালী ঐক্যের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।

আজ (রোববার) তেহরান সফরত ইরাকের ইসলামী সর্বোচ্চ কাউন্সিল বা আইএসসিআই’র প্রধান আম্মার হাকিমের সঙ্গে বৈঠকে মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেন, ইরাক উগ্র তাকফিরি গোষ্ঠীগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত ইরান সব সময় ইরাকি জাতির পাশে থাকবে।

দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনীর সাম্প্রতিক বিজয়ের ভূয়সী প্রশংসা করে জারিফ বলেন, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসীরা চুড়ান্তভাবে পরাজিত হবে কিনা তা ইরাক এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী ঐক্যের ওপর নির্ভর করছে।

সম্প্রতি ইরাকের বিভিন্ন অংশে ধারাবাহিক বোমা হামলা চালিয়ে তাকফিরি দায়েশ যে শত শত বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে তারও নিন্দা জানান জারিফ। এই বর্বরোচিত ঘটনায় ইরাকি জাতি এবং সরকারের প্রতি গভীর সংহতি প্রকাশ করেন তিনি। বৈঠকে হাকিম তার দেশের সর্বশেষ পরিস্থিতি বিষয়ে জাওয়াদ জারিফকে অবিহিত করেন। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি জাতিকে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।

হাকিম আরো বলেন, দায়েশের বিরুদ্ধে সর্বশেষ সাফল্যের পেছনে ইরাকি সেনাবাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী বাহিনী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। দায়েশ পরাজয়ের সর্বশেষ কিনারে দাঁড়িয়ে আছে বলেও জানান তিনি।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১০