নিষেধাজ্ঞা প্রতিরোধে ইরানের সঙ্গে কাজ করার অঙ্গীকার রাশিয়ার
https://parstoday.ir/bn/news/event-i162578-নিষেধাজ্ঞা_প্রতিরোধে_ইরানের_সঙ্গে_কাজ_করার_অঙ্গীকার_রাশিয়ার
পার্সটুডে: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন, মস্কো অবৈধ উদ্যোগগুলোর মোকাবিলায় ইরান এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
(last modified 2026-08-27T13:30:36+00:00 )
আগস্ট ২৭, ২০২৬ ১৯:১৬ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

পার্সটুডে: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ (বৃহস্পতিবার) ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন, মস্কো অবৈধ উদ্যোগগুলোর মোকাবিলায় ইরান এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজকের সংবাদ সম্মেলনে ইরানে মার্কিন-ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রসঙ্গে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি বিশ্ববাজারকে বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও এক-তৃতীয়াংশ গ্যাস থেকে বঞ্চিত করেছে।

মারিয়া জাখারোভা তাঁর বক্তব্যের অন্য এক অংশে বিভিন্ন দেশকে লক্ষ্য করে পরিচালিত যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক অভিযান সম্পর্কে বলেছেন, “আমরা অবৈধ উদ্যোগগুলোর মোকাবিলায় ইরানি অংশীদার এবং অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমাদের প্রচেষ্টা সমন্বয় করব।”

রুশ বার্তা সংস্থা রিয়ানোভস্তির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার এই জ্যেষ্ঠ কূটনীতিক জোর দিয়ে বলেছেন, “সমমনা দেশগুলোর সঙ্গে একযোগে আমরা আন্তর্জাতিক সম্পর্ক থেকে নিষেধাজ্ঞার চাপ দূর করার জন্য কাজ করছি; পশ্চিমাদের পছন্দ নয়—এমন দেশগুলোর সঙ্গে হিসাব-নিকাশ মেটাতে এবং তাদের শাস্তি দেওয়ার হাতিয়ার হিসেবে এই জাতীয় চাপকে দীর্ঘদিন ধরে ব্যবহার করা হচ্ছে।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এর আগে ইরানের বিরুদ্ধে ঘোষিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধকে—যার লক্ষ্যবস্তু অন্যান্য দেশও—সব দেশের জাতীয় সার্বভৌমত্বের ওপর হামলা এবং সব জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের ওপর আগ্রাসন হিসেবে অভিহিত করেছিলেন।

চীনও সম্প্রতি ইরানের তেল ক্রেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও হুমকির প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছে, তেহরানের সঙ্গে বেইজিংয়ের সহযোগিতা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই রয়েছে। একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এই সহযোগিতা কোনোভাবেই বাধাগ্রস্ত বা দুর্বল করা উচিত নয়। #
 

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন