ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধের জন্য হাজারো ইরাকি তরুণ প্রস্তুত: ইরাকি আলেম
পার্সটুডে- ইরাকের বাগদাদের জুমার ইমাম সাইয়্যেদ ইয়াসিন আল মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাজার হাজার ইরাকি তরুণ নিজেদের প্রস্তুতি ঘোষণা করেছেন।
ইরাকের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সিস্তানির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হুমকির প্রতি ইঙ্গিত করে বলেন, ইরাকের হাজার হাজার তরুণ যুদ্ধের জন্য প্রস্তুত। পার্সটুডে এসব তথ্য জানিয়েছে।
আয়াতুল্লাহ সিস্তানি প্রসঙ্গে ইরাকের এই বিশিষ্ট আলেম বলেন, ইহুদিবাদী ইসরাইল ও তার মিত্রদের পরিকল্পনা নস্যাৎ করতে আয়াতুল্লাহ সিস্তানির বড় ভূমিকা রয়েছে। তাই শত্রুরা আয়াতুল্লাহ সিস্তানির এই প্রভাবশালী ভূমিকার অবসান ঘটাতে চাইছে।
এই সংগ্রামী আলেম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল বেশ কয়েকটি লক্ষ্য নিয়ে কাজ করছে। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পশ্চিম এশীয় অঞ্চলের শক্তির স্তম্ভ বিশেষ করে প্রতিরোধ শক্তি ধ্বংস করা। ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী ও তার সহযোগীরা স্পষ্টভাবেই স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ফিলিস্তিন বা লেবানন নয়, তারা ফিলিস্তিন থেকে ইরাক পর্যন্ত অঞ্চলের সমস্ত দেশকে নিয়ন্ত্রণ করতে চায়।
ইরাকের এই আলেম বলেন, ইরাকের হাজার হাজার তরুণ ইমাম হুসাইন (আ.)-এর পথ অনুসরণ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তারা প্রশ্ন করে কখন যাওয়ার সময় আসবে। দখলকৃত ভূমিতে গিয়ে সরাসরি দখলদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে চায় তারা। অন্যদিকে গণমাধ্যমে দেখতে পাচ্ছি ইহুদিবাদী ইসরাইলের সৈন্যরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।