ইয়েমেনে সৌদি এফ-সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত; পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i14608-ইয়েমেনে_সৌদি_এফ_সিক্সটিন_জঙ্গি_বিমান_ভূপাতিত_পাইলট_নিহত
ইয়েমেনের সানা প্রদেশে হামলা চালাতে গিয়ে সৌদি আরবের একটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে। এর ফলে বিমানের এক পাইলট প্রাণ হারিয়েছে। ইয়েমেনের গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৬ ১২:৪৬ Asia/Dhaka
  • সৌদি বাহিনীর একটি বিমান
    সৌদি বাহিনীর একটি বিমান

ইয়েমেনের সানা প্রদেশে হামলা চালাতে গিয়ে সৌদি আরবের একটি এফ-সিক্সটিন জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে। এর ফলে বিমানের এক পাইলট প্রাণ হারিয়েছে। ইয়েমেনের গণমাধ্যম এ খবর দিয়েছে।

ইয়েমেনের নিউজ ভিত্তিক ওয়েব সাইট 'খাবারএজেন্সি ডট নেট' জানিয়েছে, সানার 'নিহম' জেলায় গতরাতে বিমানটি ভূপাতিত হয়েছে। হুথি প্রতিরোধ যোদ্ধারা বিমানটি ভূপাতিত করেছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে।

'খাবারএজেন্সি ডট নেট' লিখেছে, ইয়েমেনের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ও গণপ্রতিরোধ বাহিনীর প্রচেষ্টায় সৌদি এফ-সিক্সটিন জঙ্গি বিমানটি ভূপাতিত হয়েছে। দুই পাইলটের মধ্যে একজন প্রাণে বেঁচে গেছে। ইয়েমেনের ওই অঞ্চলে এখন সৌদি নেতৃত্বাধীন বাহিনী ও তাদের ভাড়াটে সেনাদের সঙ্গে ইয়েমেনিদের প্রচণ্ড সংঘর্ষ চলছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র জানিয়েছে, গত ৪৮ ঘন্টার সংঘর্ষে সেখানে ২৩ ইয়েমেনি এবং সৌদি জোটের ৪৭ ভাড়াটে সেনা প্রাণ হারিয়েছে।

এদিকে, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে সৌদি সমর্থিত পদত্যাগী সরকারের কয়েক জন নেতা। আগামীকাল কুয়েতে এ বৈঠক শুরু হবে বলে জানা গেছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশ। এর ফলে হাজার হাজার নিরপরাধ ইয়েমেনি নিহত হয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫