গুলেনকে বহিষ্কার করুন নইলে সম্পর্ক পুনর্মূল্যায়ন করব: আমেরিকাকে তুরস্ক
-
ফতেহউল্লাহ গুলেন ও বিনালি ইলদিরিম
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আবারো বলেছেন, আমেরিকায় অবস্থানরত তুর্কি বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে অবশ্যই আংকারার হাতে তুলে দিতে হবে অন্যথায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। তুরস্ক বলছে, সাম্প্রতিক ব্যর্থ সেনা অভ্যুত্থানসহ নানা ঘটনায় গুলেনের হাত রয়েছে।
ইলদিরিম গতকাল (সোমবার) বলেছেন, গুলেনক কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই হস্তান্তর করতে হবে। তিনি এ কথাও উল্লেখ করেছেন, গুলেন ইস্যুতে আংকারা এবং ওয়াশিংটনের সম্পর্ক এখন ঝুঁকির মুখে রয়েছে।
সেনা অভ্যুত্থান প্রচেষ্টার পরপরই তুর্কি সরকার গুলেনকে দায়ী করে তাকে হস্তান্তরের দাবি জানায়। কিন্তু আমেরিকা বলেছে, অভিযোগ নয় বরং সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করলেই কেবল গুলেনকে হস্তান্তর করা হবে।
এর জবাবে ইলদিরিম বলেছেন, “যে ব্যক্তির দিকনির্দেশনায় ঘাতক সংগঠনের লোকজন একটি নির্বাচিত সরকারকে ধ্বংসের চেষ্টা করেছে তার জন্য যদি আমাদের বন্ধুরা প্রমাণ দিতে বলেন তাহলে তা হবে আমাদের জন্য হতাশার কারণ। এ অবস্থায় আমেরিকার সঙ্গে তুরস্কের বন্ধুত্বের বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে।”
তুর্কি সরকার গুলেনকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত বলে দায়ী করলেও আমেরিকা প্রবাসী গুলেন সে অভিযোগ নাকচ করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বিরোধীদের দমনের জন্য এবং নিজের অবস্থান সুসংহত করতে নিজেই এ অভ্যুত্থান নাটক সাজিয়েছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯