জেনারেল এশকির ইসরাইল সফর নিয়ে গ্যাঁড়াকলে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i15790-জেনারেল_এশকির_ইসরাইল_সফর_নিয়ে_গ্যাঁড়াকলে_সৌদি_আরব
সৌদি আরবের সাবেক সামরিক কর্মকর্তা জেনারেল আনোয়ার এশকির ইসরাইল সফরের বিষয়ে রিয়াদ দায়িত্ব নিতে অস্বীকার করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, জেনারেল এশকির নেতৃত্বে সম্প্রতি সৌদি আরবের যে প্রতিনিধিদল ইসরাইল সফর করেছে তা সৌদি আরবের রাষ্ট্রীয় অবস্থান নয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২৮, ২০১৬ ১১:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলি সংসদ সদস্যদের সঙ্গে জেনারেল এশকি (ডান থেকে ৫ম)
    ইসরাইলি সংসদ সদস্যদের সঙ্গে জেনারেল এশকি (ডান থেকে ৫ম)

সৌদি আরবের সাবেক সামরিক কর্মকর্তা জেনারেল আনোয়ার এশকির ইসরাইল সফরের বিষয়ে রিয়াদ দায়িত্ব নিতে অস্বীকার করেছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, জেনারেল এশকির নেতৃত্বে সম্প্রতি সৌদি আরবের যে প্রতিনিধিদল ইসরাইল সফর করেছে তা সৌদি আরবের রাষ্ট্রীয় অবস্থান নয়।

গত ২২ জুলাই জেনারেল এশকির নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল ইহুদিবাদী ইসরাইল সফর করে এবং জেনারেল এশকি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করেন। অনেক বিশ্লেষক বলছেন, বিষয়টিতে সৌদি আরব দায় এড়াতে চাইলেও তাকে যৌক্তিকভাবে গ্রহণের সুযোগ নেই কারণ সৌদি আরব থেকে ইসরাইলে যেতে জেনারেল এশকিকে রিয়াদ সরকারের অনুমতি নিতে হয়েছে। এরইমধ্যে বিষয়টি নিয়ে আরব জনগণের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ কারণে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এশকির ইসরাইল সফরের বিষয়ে বিবৃতি দিতে বাধ্য হলো।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, হঠাৎ ঘটে যাওয়া এ ধরনের ঘটনাকে সৌদি সরকারের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ বলা যাবে না। জেনারেল এশকি বর্তমানে সৌদি ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রধান হিসেবে কাজ করছেন।

জেনারেল এশকির সফরকে ইসরাইলের প্রভাবশালী পত্রিকা দৈনিক হারেৎজ “উঁচু মাত্রার অস্বাভাবিক” ঘটনা উল্লেখ করে বলেছে, সৌদি সরকারের অনুমতি ছাড়া তিনি ইসরাইল সফর করতে পারেন নি।

সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সরকারিভাবে কোনো সম্পর্ক নেই এবং সৌদি আরবের যেকোনো নাগরিকের জন্য ইসরাইল সফর করা নিষিদ্ধ। তবে, বেশ কিছুদিন ধরে সৌদি সরকার মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানোর জন্য ইসরাইলের সঙ্গে দৃশ্যত সম্পর্ক স্বাভাবিক করার নীতি অনুসরণ করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮