ঘরবাড়ি ধ্বংস বন্ধে আন্তর্জাতিক সাহায্য চাইল ফিলিস্তিনি কর্তৃপক্ষ
-
ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও’র সচিব শোয়েব এরেকাত
অধিকৃত ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর মাধ্যমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই সঙ্গে ফিলিস্তিনি পরিবারগুলোকে তেল আবিব সরকার যেভাবে তাদের ঘরবাড়ি থেকে অন্যায়ভাবে বিতাড়িত করছে তা বন্ধে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ।
ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র সম্পাদক সায়েব এরিকাত গতকাল (বুধবার) বলেছেন, ইসরাইল গত ২৪ ঘন্টায় পূর্ব জেরুজালেম খ্যাত অধিকৃত আল-কুদস এবং পশ্চিম তীরে ঘরবাড়ি ধ্বংস করে দেয়ার ফলে ৩০টি পরিবার সেখান থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, অধিকৃত এলাকায় ইসরাইলি বাহিনী ভারী অস্ত্রে সজ্জিত হয়ে যেভাবে অরক্ষিত ফিলিস্তিনিদের উপর হামলা করছে তাতে এটা স্পষ্ট যে, ইহুদিবাদীরা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনিদেরকে উদ্বাস্তু করছে।
গতকাল ইসরাইল হেবরন খ্যাত আল-খলিল শহরের উত্তর-পূর্ব অংশে অবস্থিত সুরিফ এলাকায় ভারী অস্ত্রে সজ্জিত বহু সেনা এবং সামরিক যান পাঠায়। বর্বর ইহুদিবাদী সেনারা ২৯ বছর বয়সি মোহাম্মদ ফাকি’র ঘরবাড়ি ধ্বংস করে দেয়ার পর তাকে হত্যা করে।
ইসরাইলের দখলদারিত্ব অবসানে কোনো ব্যবস্থা না নেয়ায় আন্তর্জাতিক সমাজের নিন্দা জানিয়ে এরিকাত বলেন, এদের অলসতা এবং নীরবতার ফলেই ইসরাইল অব্যাহতভাবে ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন পীড়ন চালানোর পাশাপাশি তাদের সম্পদ কূক্ষিগত করার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘আমাদের জনগণকে সুরক্ষা দেয়ার পাশাপাশি অপরাধযজ্ঞের জন্য ইসরাইলকে দায়বদ্ধ করতে আন্তর্জাতিক সমাজকে ত্বরিত ব্যবস্থা নিতে হবে।’#
পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/২৮