লেবানন ফ্রন্টে নতুন সমীকরণ, ইরানের অবস্থানের মধ্যেই হামলা জোরদার হিজবুল্লাহর
https://parstoday.ir/bn/news/west_asia-i159944-লেবানন_ফ্রন্টে_নতুন_সমীকরণ_ইরানের_অবস্থানের_মধ্যেই_হামলা_জোরদার_হিজবুল্লাহর
পার্সটুডে: লেবাননের প্রভাবশালী দৈনিক আল-আখবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সমন্বয়ের মধ্যে ইসরায়েল লেবাননে নতুন সামরিক ও রাজনৈতিক বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও হিজবুল্লাহ তার হামলার মাত্রা আরও বাড়িয়ে তেলআবিবের চাপ প্রয়োগের কৌশলকে কার্যত ব্যর্থ করে দিয়েছে।
(last modified 2026-06-02T12:42:56+00:00 )
জুন ০২, ২০২৬ ১৮:১৮ Asia/Dhaka
  • লেবানন ফ্রন্টে নতুন সমীকরণ, ইরানের অবস্থানের মধ্যেই হামলা জোরদার হিজবুল্লাহর

পার্সটুডে: লেবাননের প্রভাবশালী দৈনিক আল-আখবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সমন্বয়ের মধ্যে ইসরায়েল লেবাননে নতুন সামরিক ও রাজনৈতিক বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও হিজবুল্লাহ তার হামলার মাত্রা আরও বাড়িয়ে তেলআবিবের চাপ প্রয়োগের কৌশলকে কার্যত ব্যর্থ করে দিয়েছে।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে, আল-আখবার লেবানন যুদ্ধফ্রন্টের সর্বশেষ রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, ইসরায়েলি শাসনব্যবস্থা গত সোমবার উত্তরাঞ্চলের দখলদার বসতিগুলোর নিরাপত্তার অজুহাতে লেবাননের বিরুদ্ধে তার সামরিক অভিযান আরও বিস্তৃত করার হুমকি দেয়। এ সময় তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়া-তেও হামলা চালানোর হুমকি দেয়।

প্রতিবেদনে বলা হয়, এই হুমকির জবাবে হিজবুল্লাহ খুব অল্প সময়ের ব্যবধানে ৩৫টি বহুমুখী সামরিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানের মাধ্যমে সংগঠনটি ইসরায়েলের প্রতি স্পষ্ট বার্তা দেয় যে, সামরিক চাপ বা হুমকির মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে পিছু হটানো সম্ভব নয়।

হিজবুল্লাহর এসব অভিযানে উত্তর দখলকৃত ফিলিস্তিনের সীমান্তবর্তী ইসরায়েলি বসতি ছাড়াও আরও গভীর অঞ্চলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এসব হামলা ছিল দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা, বিশেষ করে সুর (টাইর) ও নাবাতিয়াহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণের প্রতিক্রিয়া।

প্রতিবেদন অনুযায়ী, উত্তেজনা বৃদ্ধির এই পর্যায়ে ইরান রাজনৈতিক ও সামরিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে এবং একটি নতুন সমীকরণ সামনে আনে। এই সমীকরণের মূল বিষয় ছিল—তেহরান সরাসরি যুদ্ধে অংশ নেবে না এবং উত্তর দখলকৃত ফিলিস্তিনে হামলা চালাবে না, যদি ইসরায়েল বৈরুত ও দাহিয়া অঞ্চলের বিরুদ্ধে নতুন আগ্রাসী অভিযান না চালায়।

একই সময়ে লেবাননের প্রতিরোধ আন্দোলন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে উত্তর দখলকৃত ফিলিস্তিনের বসতিগুলোর বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখে।

এদিকে, ইসরায়েলি দৈনিক মা’রিভ এক প্রতিবেদনে দক্ষিণ লেবাননে স্থল অভিযান সম্প্রসারণের ইসরায়েলি সেনাবাহিনীর সিদ্ধান্তকে অকার্যকর বলে মন্তব্য করেছে। পত্রিকাটি লিখেছে, হিজবুল্লাহর কার্যকর ড্রোন হামলা মোকাবিলার উদ্দেশ্যে নেওয়া এই পদক্ষেপ বাস্তব পরিস্থিতিতে কোনো কৌশলগত পরিবর্তন আনতে পারবে না; বরং এতে ইসরায়েলি সেনারা আরও বেশি ঝুঁকির মুখে পড়বে এবং প্রতিরোধ বাহিনীর হামলার জন্য অধিকতর উন্মুক্ত হয়ে যাবে।

এর আগে ইসরায়েলি কৌশলগত বিশ্লেষক ও উপদেষ্টা বারাক সারিও স্বীকার করেছিলেন যে, ইসরায়েল এখন লেবাননের “জলাভূমি” বা “কাদামাটির ফাঁদে” গভীরভাবে আটকে গেছে, যেখান থেকে বেরিয়ে আসা ক্রমেই কঠিন হয়ে উঠছে।#

পার্সটুডে: লেবাননের প্রভাবশালী দৈনিক আল-আখবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন ও সমন্বয়ের মধ্যে ইসরায়েল লেবাননে নতুন সামরিক ও রাজনৈতিক বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেও হিজবুল্লাহ তার হামলার মাত্রা আরও বাড়িয়ে তেলআবিবের চাপ প্রয়োগের কৌশলকে কার্যত ব্যর্থ করে দিয়েছে।
 
পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।