সুইজারল্যান্ডে ইরান-আমেরিকা আলোচনা নিয়ে কাতার ও পাকিস্তানের যৌথ বিবৃতি
-
সুইজারল্যান্ডে আলোচনা নিয়ে কাতার-পাকিস্তানের যৌথ বিবৃতি
পার্সটুডে: কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা এগিয়ে নেওয়ার জন্য একটি প্রক্রিয়া গঠনে অগ্রগতি অর্জিত হয়েছে।
আইআরআইবি নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ইরান-আমেরিকা আলোচনার মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে আলোচনায় অর্জিত সমঝোতা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছে। বিবৃতির সারসংক্ষেপ নিম্নরূপ:
‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আওতায় উচ্চপর্যায়ের প্রথম দফা আলোচনা, যেখানে অংশগ্রহণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, যুক্তরাষ্ট্র এবং দুই মধ্যস্থতাকারী পক্ষ-কাতার সরকার ও পাকিস্তান-সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে সমাপ্ত হয়েছে।
লুসার্ন হ্রদের তীরে অনুষ্ঠিত প্রথম দিনের বৈঠক ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে আশাব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে, যার মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা অন্যতম।
সমঝোতা স্মারকের ভিত্তিতে পক্ষগুলো একটি “উচ্চপর্যায়ের কমিটি” গঠনে সম্মত হয়েছে, যা মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তত্ত্বাবধান করবে। সিনিয়র আলোচকরা নিয়মিতভাবে এই কমিটির কাছে প্রতিবেদন দাখিল করবেন। একইসঙ্গে পারমাণবিক বিষয়, নিষেধাজ্ঞা এবং বিরোধ নিষ্পত্তি ও তদারকি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন, যাতে সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন এবং অন্যান্য বিষয়ের সমাধান নিশ্চিত করা যায়।
উচ্চপর্যায়ের কমিটি ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপের বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এর ফলে অবিলম্বে আরও কারিগরি আলোচনা শুরু করা সম্ভব হবে। পাশাপাশি, সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় নির্ধারিত সময়ের জন্য পক্ষগুলোর মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা বা ভুল বোঝাবুঝি এড়ানো যায় এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।
এছাড়াও, পক্ষগুলো মধ্যস্থতাকারীদের সহায়তায় নিজেদের এবং লেবানন প্রজাতন্ত্রের মধ্যে একটি “সংঘাত নিয়ন্ত্রণ ইউনিট” গঠনে সম্মত হয়েছে, যাতে সমঝোতা স্মারকে উল্লিখিত লেবাননে সামরিক অভিযান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করা যায়।
সমস্ত বিষয়ে কারিগরি আলোচনা সপ্তাহের শেষ পর্যন্ত বুর্গেনস্টক কমপ্লেক্সে অব্যাহত থাকবে।
মধ্যস্থতাকারী দেশগুলো তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে, যাতে আলোচনা গঠনমূলক পরিবেশে এগিয়ে যায় এবং একটি চূড়ান্ত চুক্তি অর্জনের লক্ষ্য বাস্তবায়িত হয়।
কাতার সরকার ও পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র, কূটনীতি ও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির প্রতি অব্যাহত অঙ্গীকারের জন্য যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। মধ্যস্থতাকারী পক্ষগুলো চলমান আলোচনা প্রক্রিয়ায় সমর্থন ও মূল্যবান সহযোগিতার জন্য তাদের অংশীদার ও মিত্রদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেছে।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।