ইসরাইলি বাহিনীর হামলায় আরেক ফিলিস্তিনি শহীদ
অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী আরেক ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করেছে। সেনাদের ওপর ছুরিকাঘাতের চেষ্টা চালালে তাকে হত্যা করা হয় বলে ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে।
ইসরাইলি সেনারা আজ (রোববার) নাবলুস শহরের কাছে হুয়ারা নিরাপত্তা চৌকিতে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে ফিলিস্তিনিদের মান সংবাদ সংস্থা জানিয়েছে।
নিরাপত্তা চৌকিতে থাকা সেনাদের ওপর ওই ব্যক্তি ছুরিকাঘাত করার চেষ্টা করলে ইসরাইলি সেনারা তার বুকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে মারাত্বকভাবে আহত করে। ইসরাইলি সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, ওই ফিলিস্তিনি ব্যক্তি তার গাড়ি থেকে বের হয়ে নিরাপত্তা চৌকির সেনাদের ওপর হামলা চালালে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে এতে কোনো ইসরাইলি সেনা আহত হয়েছে কিনা সংবাদ মাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায় নি।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে গত নয় মাসের বেশী সময় ধরে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর কঠোর দমন পীড়ন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ওই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়। গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের বিভিন্ন শহরে ইসরাইলি সেনাদের হামলায় ২০০ জনের বেশী ফিলিস্তিনি নিহত হয়। ইসরাইলি সেনা এবং অবৈধ বসতিস্থাপনকারীদের ওপর ছুরিকাঘাত করার অভিযোগে বেশিরভাগ ফিলিস্তিনিকে হত্যা করা হয় বলে ইসরাইল দাবি করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩১