ইয়েমেনের হুঁশিয়ারি: অবরোধ না উঠলে সশস্ত্র বাহিনীর অভিযান চলবে
-
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান মেহদি আল-মাশাত।
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান মেহদি আল-মাশাত দেশটির সশস্ত্র বাহিনীর সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো ইয়েমেনের ওপর দীর্ঘদিন ধরে চলা সৌদি আরবের অবরোধ ও আগ্রাসনের অবসান ঘটানো। তিনি দাবি করেন, সানার অবস্থান ধর্মীয়, মানবিক, নৈতিক এবং আন্তর্জাতিক আইন ও নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
পার্সটুডে, ইরনার বরাত দিয়ে জানিয়েছে, মেহদি আল-মাশাত আবারও বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড ধর্মীয়, মানবিক ও নৈতিক নীতিমালা এবং আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের দৃষ্টিতে বৈধ ও ন্যায্য।
মাশাতের ভাষ্য অনুযায়ী, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযানের মূল উদ্দেশ্য হলো দেশটির বিরুদ্ধে প্রায় ১২ বছর ধরে চলা সৌদি অবরোধ ও আগ্রাসনের অবসান ঘটানো।
তিনি ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, কার্যকারিতা ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে সৌদি অবরোধ সহ্য করার পরও ইয়েমেনের জনগণ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছে। তার দাবি, ইয়েমেনের সামরিক বাহিনীর হাতে এমন কিছু সক্ষমতা রয়েছে, যা সৌদি পক্ষের জন্য মোকাবিলা করা কঠিন।
ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান আরও বলেন, তাদের অবস্থানের বিরুদ্ধে বিভিন্ন নিন্দা ও সমালোচনার কোনো মূল্য নেই। তার মতে, ইয়েমেনের দাবি ন্যায্য এবং তাদের অবস্থানের কেন্দ্রবিন্দু হলো অবরোধ ও আগ্রাসনের অবসান।
প্রতিপক্ষকে সতর্ক করে মাশাত বলেন, মিথ্যা প্রতিশ্রুতি ও অবাস্তব প্রত্যাশা কোনো কাজে আসবে না। যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হবে না।
ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী সৌদি ভূখণ্ডের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর মাশাত এসব মন্তব্য করেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, প্রায় ১২ বছর ধরে চলা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা তাদের অভিযান অব্যাহত রাখবে।#
পার্সটুডে/ এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।