ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা মারাত্মক যুদ্ধাপরাধ: ইয়েমেন
-
ইরানের দক্ষিণাঞ্চলী গ্রামে মার্কিন হামলা
পার্সটুডে- ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলাকে মারাত্মক যুদ্ধাপরাধ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের জাতীয় মানবাধিকার কমিশন।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ইয়েমেনের জাতীয় মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন বাহিনীর বর্বর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। ওই হামলায় বহু বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন।
ইয়েমেনের জাতীয় মানবাধিকার কমিশন আরও বলেছে, এই বর্বর হামলা একটি শতভাগ যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের চারটি সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এসব কনভেনশনে বেসামরিক স্থাপনা ও নিরাপদ আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেনের জাতীয় মানবাধিকার কমিশন যুক্তরাষ্ট্রের এই বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে এবং নিরপরাধ মানুষের রক্তপাত ও বেসামরিক জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র সরকারকে দায়ী করছে।
ইয়েমেনের এই মানবাধিকার সংস্থা ওই ঘটনার বিষয়ে অবিলম্বে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে হামলার সঙ্গে জড়িতদের বিচার ও শাস্তির দাবি করেছে। সংস্থাটি এই ঘটনাটিকে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে।
ইয়েমেনের জাতীয় মানবাধিকার কমিশন জোর দিয়ে বলেছে, এই নিরপরাধ ইরানি নাগরিকদের রক্ত কখনো বৃথা যাবে না, বরং এই রক্ত তাদের সবার কপালে কলঙ্কের দাগ হয়ে থাকবে, যারা এই আগ্রাসনে অংশ নিয়েছে, এটিকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে কিংবা এ ঘটনায় নীরব থেকেছে।
বিবৃতিতে ইয়েমেনের জাতীয় মানবাধিকার কমিশন জনগণের আত্মরক্ষা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার অধিকারের ওপরও জোর দিয়েছে। তারা বলেছে, যেকোনো অজুহাতে বেসামরিক নাগরিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার কোনো বৈধতা নেই।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।