ইয়েমেনি অভিযানের মুখে শহর খালি করছে সৌদি আরব
সৌদি আরব তার সীমান্তবর্তী জিজান এলাকা থেকে স্থানীয় অধিবাসীদেরকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে দিচ্ছে। দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে লিপ্ত সৌদি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে ইয়েমেনি বাহিনী যখন সৌদি ভূখণ্ডের ভেতরে অগ্রসর হচ্ছে তখন শহর খালি করার এ খবর এলো।
ইয়েমেনের খাবার সংবাদ সংস্থা আজ (শুক্রবার) এ খবর দিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যাচ্ছে জিজান এলাকা থেকে স্থানীয় অধিবাসীরা চলে যাওয়ার পাশাপাশি সৌদি সেনারা একটি আবাসিক বাড়ি খালি করছেন।
সৌদি কর্তৃপক্ষের এই পদক্ষেপের ফলে ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত গ্রাম এবং শহরের ওপর ক্ষতিকর প্রভাব পড়েছে বলে ওই সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
এছাড়া, ওই এলাকা ত্যাগ করতে অস্বীকৃতি জানালে সেখানকার অধিবাসীদের নাগরিকত্ব কেড়ে নেয়ার পাশাপাশি তাদের পরিচয় পত্র এবং ভ্রমণ বিষয়ক কাগজপত্র বাতিল করা হবে বলে সৌদি সামরিক বাহিনী হুমকি দিয়েছে। এদিকে, ওই অঞ্চলের আবাসিক এলাকায় সৌদি সেনা মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
কয়েক জন মানবাধিকার কর্মী জানিয়েছেন, সৌদি কর্তৃপক্ষ স্থানীয় অধিবাসীদের খাবার এবং পানির উৎসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করাসহ তাদের চলাফেরার ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে।
১৫ মাস ধরে সৌদি আরব ও কয়েকটি আরব দেশ তাদের পছন্দের সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনি জাতির ওপর শাসক হিসেবে চাপিয়ে দেয়ার লক্ষ্যে দারিদ্র পীড়িত ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। এতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পরিপ্রেক্ষিতে আনসারুল্লাহ যোদ্ধারাও সৌদি সেনাদের ওপর পাল্টা হামলা চালাচ্ছে।#
পার্সটুডে/বাবুল আখতার/৫