দায়েশ-বিরোধী যৌথ অভিযান চালাতে রাশিয়ার প্রতি তুরস্কের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i16996-দায়েশ_বিরোধী_যৌথ_অভিযান_চালাতে_রাশিয়ার_প্রতি_তুরস্কের_আহ্বান
সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান চালাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ আহ্বান জানান।    
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৬ ২২:১১ Asia/Dhaka
  •  মেভলুত চাভুসওগ্লু
    মেভলুত চাভুসওগ্লু

সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান চালাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। তুরস্কের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এ আহ্বান জানান।    

গত বছর সিরিয়ার আকাশসীমায় তুর্কি সামরিক বাহিনী রুশ বোমারু বিমান ভূপাতিত করার পর মস্কো ও আংকারার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। সে সম্পর্ক ঠিক করার জন্য তুরস্ক সম্প্রতি বিশেষ উদ্যোগ নিয়েছে এবং তারই অংশ হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানিয়েছেন।  

চাভুসওগ্লু বলেন, “আমরা সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দায়েশের বিরুদ্ধে যৌথভাবে অভিযান চালানোর জন্য আমরা সবসময় রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছি এবং এখনো সে প্রস্তাব টেবিলে রয়েছে।”

দায়েশকে ‘অভিন্ন শত্রু’ আখ্যা দিয়ে সন্ত্রাসী এ গোষ্ঠীকে যত তাড়াতাড়ি সম্ভব নির্মূলের জন্য তাদের বিরুদ্ধে যৌথভাবে শক্ত ব্যবস্থা নিতে চাভুসওগ্লু রাশিয়ার প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, দায়েশ সন্ত্রাসীরা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।

অবশ্য, চাভুসওগ্লুর বরাত দিয়ে পরে বার্তা সংস্থা এপি জানিয়েছে, তুরস্ক বৃহত্তর পরিসরে মস্কোর সঙ্গে সহযোগিতা করতে চেয়েছে তবে যৌথ বিমান অভিযান নয়। এপি দাবি করছে, চাভুসওগ্লু বলেছেন সামরিক অভিযানের বিষয়ে মস্কোর সঙ্গে সহযোগিতা করার অর্থ এই নয় যে, রুশ ও তুর্কি বিমান একসঙ্গে উড়বে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২